খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 10শে চৈত্র ১৪৩০ | ২৩ই মার্চ ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
খবরওয়ালা ডেস্ক ॥ দেশের নিরপরাধ মানুষ সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম চালাচ্ছে। সেটির আরো একটি নজির স্থাপিত হলো মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর মধ্য দিয়ে। বিবৃতিতে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন চড়া মূল্যে মানুষ চোখে অন্ধকার দেখছে। ঠিক এমন সময় সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাদের নিত্য-নতুন মামলায় আটকসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের হিড়িক অব্যাহত রেখেছে। মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ সংকট। ক্ষমতাসীনদের দাপটে মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই সব অপকর্ম আড়াল করতেই ডামি সরকার নতুন করে জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এ দেশে নিরাপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তবে এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।