খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গেল বছরের ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন করেন ভারতের খ্যাতনামা শিল্পপতি ও জনহিতৈষী রতন টাটা। মৃত্যুর আগে এই ধনকুবের ১৫ হাজার কোটি টাকা ছিল বলে জানা গেছে। যার অধিকাংশই বিভিন্নজনকে দান করে দিয়েছেন। সম্প্রতি তার উইল সবার সামনে প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাদেরই একজন মোহিনী মোহন দত্ত। যাকে রতন টাটা ৫০০ কোটি টাকার সম্পত্তি দান করে গেছেন।
একটি প্রতিবেদন অনুসারে, ৫০০ কোটি টাকার সুবিধাভোগী এই ব্যক্তি সম্পর্কে মানুষের জানাশোনা কম থাকায় অভ্যন্তরীণ মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে ইকোনমিক টাইমস জানিয়েছে, মোহিনী মোহন দত্ত নামে একজন উদ্যোক্তা হিসেবে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি রতন টাটার সহযোগী এবং তাঁর পারিবারিক মহলে তিনি পরিচিত ছিলেন।
দ্য হিন্দুস্থান টাইমসে বলা হয়েছে, মোহিনী মোহন দত্ত ঝাড়খণ্ডের জামশেদপুরের একজন উদ্যোক্তা। তিনি স্ট্যালিয়ন নামে একটি ট্র্যাভেল এজেন্সির মালিক ছিলেন। ২০১৩ সালে এটি তাজ গ্রুপ অফ হোটেলের একটি সহায়ক সংস্থা হিসেবে তাজ সার্ভিসেসের সাথে একীভূত হয়। স্ট্যালিয়নে তিনি এবং তার পরিবারের ৮০ শতাংশ শেয়ার ছিল বলে জানা গেছে। বাকি অংশ ছিল টাটা গ্রুপের।
এ ছাড়া টিসি ট্র্যাভেল সার্ভিসেস নামক আরেকটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন মোহন দত্ত। যার পূর্ববর্তী সহযোগী ছিলেন থমাস কুক।
দত্তের দুটি মেয়ে রয়েছে। তাদের মধ্যে একজন ২০২৪ সাল পর্যন্ত নয় বছর টাটা ট্রাস্টে কাজ করেছেন। তার আগে তিনি তাজ হোটেলের কর্মচারী ছিলেন।
সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে যে মোহিনী মোহন দত্ত নিজেকে টাটা পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ বলে বর্ণনা করতেন।
রতন টাটার বয়স যখন ২৪ বছর তখন জামশেদপুরে ডিলার্স হোস্টেলে তার সাথে প্রথম দেখা হয়েছিল বলে জানা গেছে। তারা ৬০ বছর ধরে একে অপরকে চিনতেন। মোহন দত্তের ভাষ্য অনুযায়ী রতন টাটাই তাকে গড়ে তুলেছেন।
রতন টাটা এই গ্রুপের ০.৮৩ শতাংশ মালিক ছিলেন এবং তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ছিল ₹৮০০০ কোটি। তিনি তার বেশিরভাগ সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।
খবরওয়ালা/জেআর