খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়কে (৬২) গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে তার গলকাটা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।
তিনি আরও বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কিনা জানা নেই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/ এমএজেড