খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 2শে ফাল্গুন ১৪৩১ | ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না’-বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাই সফরে থাকাকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয় হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদের আইনের মুখোমুখি করা হবে।’
ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তার (শেখ হাসিনা) বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন শেখ হাসিনা যা করেছেন, তা আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা ও তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।’
ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে। আর এটা না করলে বাংলাদেশের জনগণ আমাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমা করবে না। ইতোমধ্যে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। এটি অব্যাহত থাকবে। তাকে (শেখ হাসিনা) আমরা আইনের আওতায় আনব। আর এটা হতেই হবে।’
সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে ড. ইউনূস আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার সরকারের বেশ ভালো সম্পর্ক রয়েছে। হাসিনা যখন দেশে সাধারণ মানুষকে হত্যা করছিল তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এজন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তিনি সরকার গঠন করেই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন। এসব মানুষ আমিরাতের স্থানীয় আইন হয়ত ভঙ্গ করেছে, কিন্তু তারা দেশপ্রেম থেকে বিক্ষোভ করেছিলেন। বিষয়টি অবহিত করার পরপরই আমিরাতের প্রেসিডেন্ট আটক বাংলাদেশিদের মুক্তি দিয়ে দেয়।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে পতনের আগে শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্টের অভ্যুত্থানে আনুমানিক ১ হাজার ৪০০ জনের মতো মানুষ মারা যায়।
খবরওয়ালা/আরডি