পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ম্যাচ শুরুর আগে মনে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের খুব জমজমাট একটি ম্যাচ দেখতে পাবে ক্রিকেট প্রেমিরা। তবে বাস্তবে ঘটেছে এর উল্টো। আগের ম্যাচে সাড়ে তিনশ ছাড়ানো রেকর্ড রান তাড়ায় জেতা পাকিস্তান এবার আড়াইশও করতে পারলো না। শিরোপা হারিয়ে এরই খেসারত দিল দলটি। উইল ও রোক, মিচেল স্যান্টনারের দারুণ বোলিংয়ের পর ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ফিফটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড। পাকিস্তানের দেওয়া ২৪৩ রানের লক্ষ্যে কিউইরা টপকে গেছে ২৮ বল আর ৫ উইকেট হাতে রেখেই।

শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান–নিউজিল্যান্ড লড়াই শুধু ত্রিদেশীয় সিরিজের ফাইনালই ছিল না, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি আসরের চূড়ান্ত মহড়াও ছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি একই মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হবে এ দুই দল।

আগে ব্যাটিং করে পাকিস্তান শেষ ওভারে অল আউট হয় ২৪২ রানে। পঞ্চাশ ছুঁতে পারেননি তাদের কেউই। নতুন বলে ও ডেথ ওভারে দারুণ বোলিংয়ে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার ও’রোক। ফাইনালের সেরাও ২৩ বছর বয়সী এই পেসার।

বাঁহাতি স্পিনার স্যান্টনার ১০ ওভারে স্রেফ ২০ রান দিয়ে নেন ২ উইকেট। কিউই অধিনায়ক ‘ডট’ বল খেলান ৪০টি, হজম করেননি কোনো বাউন্ডারি। অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েলও ৩৮ রানের বিনিময়ে নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই  লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। ৫৮ বলে ৬ চারে ৫৭ রান করেন মিচেল। এই সিরিজের আগের দুই ম্যাচসহ সবশেষ তিন ইনিংসে শূন্য রানে ফেরার পর এবার ৬৪ বলে ৫৬ রান করেন ল্যাথাম।

চোটের কারণে লকি ফার্গুসনকে পুরো সিরিজে, বেন সিয়ার্স, ম্যাট হেনরি ও রাচিন রাভিন্দ্রাকে ফাইনালে পায়নি নিউ জিল্যান্ড। তারপরও দাপট দেখিয়েই ট্রফি জিতল তারা। এই পথচলায় দক্ষিণ আফ্রিকাকে একবার ও পাকিস্তানকে হারাল তারা দুইবার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৪২ (ফাখার ১০, বাবর ২৯, শাকিল ৮, রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তাহির ৩৮, খুশদিল ৭, ফাহিম ২২, আফ্রিদি ১, নাসিম ১৯, আবরার ১*; ডাফি ৭-০-৪৮-১, ও’রোক ৯.৩-০-৪৩-৪, ব্রেসওয়েল ১০-১-৩৮-২, স্মিথ ৭-০-৪৬-১, স‍্যান্টনার ১০-১-২০-২, ফিলিপস ৬-০-৪১-০)

নিউ জিল্যান্ড: ৪৫.২ ওভারে ২৪৩/৫ (ইয়াং ৪, কনওয়ে ৪৮, উইলিয়ামসন ৩৪, মিচেল ৫৭, ল‍্যাথাম ৫৬, ফিলিপস ২০*, ব্রেসওয়েল ২*; আফ্রিদি ৯-০-৪৫-১, নাসিম ৮-০-৪৩-২, ফাহিম ২.২-০-১৬-০, আবরার ১০-০-৬৭-১, সালমান ১০-০-৪৫-১, খুশদিল ৬-০-২২-০)

ফল: নিউ জিল‍্যান্ড ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।