খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক:বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ (১৬ ফেব্রুয়ারি)। মোনাজাতে শরিক হতে দলে দলে আসছেন মুসল্লিরা। নানা বাধা বিপত্তি ষড়যন্ত্র এবং উস্কানিমূলক প্রচারণার পরও এবারের সাদপন্থীদের বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানসহ রেকর্ড সংখ্যক মুসল্লীর সমাগম হয়েছে। এছাড়া বয়ানে কেনো ধরণের রাজনৈতিক কিংবা প্রতিহিংসামূলক বক্তব্য ছিলো না। সুন্দর, সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা।
গতকাল পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান শুনেছেন লাখ লাখ মুসল্লিরা। আজ ফজরের পরের বয়ান করেছেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামউদ্দিন)। এ সময় মাওলানা মুফতি আজিম উদ্দিন তার বয়ান তরজমা করেন।
পরবর্তীতে সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করছেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।এ বয়ানের শেষে দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইজতেমার এই পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
এদিকে তিনদিন ধরে ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত আছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হচ্ছে।
খবরওয়ালা/এফএস