খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে বাসে পেট্রোলবোমায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ।
এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পেট্রোলবোমা মেরে বাসের আট যাত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় আট যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং ও তার ছেলে নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামি।
খবরওয়ালা/এমবি