২০২৪-এ বাংলাদেশের এক কোটি ১৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে ২০২৪ সালে ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নীতিমালা না মানার কারণে সরিয়ে নিয়েছে  ‘ডিজিটাল সেফটি সামিটে’ এ তথ্যে জানা যায় ।

সোমবার  (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় ‘ডিজিটাল সেফটি সামিটে’ এ তথ্য দেন সামিটে টিকটকের দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্সের প্রধান ফেরদৌস আল মোত্তাকিন।

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও টিকটকের যৌথ উদ্যোগে আয়োজিত সামিটে তরুণদের জন্য ডিজিটাল নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলা, অনলাইন নিরাপত্তা, ডিজিটাল স্বাক্ষর, ভুল তথ্যের বিরুদ্ধে সচেতনতা এবং ডিজিটাল আচরণের বিষয়ে আলোকপাত করা হয়।

ফেরদৌস বলেন, ‘টিকটক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বিটিআরসি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আমাদের কমিউনিটির সাথে ক্রমাগত সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যাতে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে।’

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, “ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির অর্থ মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা নয় বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সৃজনশীলতা এবং উদ্ভাবন বিকশিত হতে পারে এবং ব্যবহারকারীরা ক্ষতিকারক বিষয়বস্তু ও প্রতারণামূলক কার্যকলাপ থেকে সুরক্ষিত থাকে।

“সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে সহায়ক নিয়ন্ত্রক পরিবেশ তৈরি, দায়িত্বশীল উদ্ভাবন, ব্যবহারকারীদের সুরক্ষা এবং স্বচ্ছ রেগুলেশনকে বিটিআরসি উৎসাহিত করছে।”

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল উর রহমান ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষা প্রতিবন্ধকতা ও প্রতিকার বিষয়ে উপস্থাপনা করেন।

সামিটের বিভিন্ন প্যানেল সেশনে সরকারি-বেসরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সাররা অনলাইন নিরাপত্তার সর্বোত্তম অনুশীলন, দায়িত্বশীল কনটেন্ট তৈরি এবং সাইবার হুমকি মোকাবেলার কৌশল সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।