খবরওয়ালা অনলাইন ডেস্ক: ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এমন মন্তব্য করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আবদুল হান্নান মাসুদ ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, ‘কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।’
তবে ছাত্রদলের উপর হামলা হয়েছে এবং শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
প্রসঙ্গত, আজ দুপুরে কুয়েটকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’ ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’ স্লোগান দেন শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ চলাকালে সময়ে কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী।
খবরওয়ালা/জেআর



