খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ৯:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (দিব্যধাম গমন করেন)। প্রবীণ এই গবেষক ও শিক্ষাবিদের আকস্মিক প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার ও একাডেমিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক শোক সংবাদ বিজ্ঞপ্তিতে মর্মান্তিক এই ঘটনার বর্ণনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে বাসভবনে প্রাতরাশ গ্রহণের সময় অসাবধানতাবশত খাদ্যবস্তু তাঁর শ্বাসনালিতে আটকে যায়। এতে তিনি দ্রুত সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক ড. দীপ্তি সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৭তম বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি গবেষণামূলক বহু মৌলিক কাজের নেতৃত্ব দিয়েছেন এবং দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফলিত রসায়নের প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, “অধ্যাপক ড. দীপ্তি সাহা ছিলেন আমাদের অ্যাকাডেমিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, একজন প্রথিতযশা শিক্ষক ও নিবেদিতপ্রাণ গবেষক। দেশের বিজ্ঞান শিক্ষা ও মৌলিক গবেষণায় তাঁর অসামান্য অবদান বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।” উপাচার্য প্রয়াতের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
সহকর্মী, সহপাঠী ও শিক্ষার্থীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার বিকেলে অধ্যাপক দীপ্তি সাহার নশ্বর দেহ ঢাবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ প্রাঙ্গণে আনা হয়। সেখানে প্রিয় শিক্ষকের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রয়াতের কফিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিকেলে পুরান ঢাকার পোস্তগোলা শ্মশানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত অধ্যাপক দীপ্তি সাহার পৈতৃক নিবাস নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের হরিয়ারপাড়া গ্রামে। তিনি ভাই, বোন, অসংখ্য সহকর্মী, প্রিয় শিক্ষার্থী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজ শনিবার পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ ড. সাহার অকাল প্রয়াণকে বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন।
মন্তব্য