খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই আগস্ট ২০২৬, ৯:২৯ পিএম
বলিউডের থ্রিলার ও রোমান্টিক ধারার অন্যতম আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ মুক্তির পর থেকেই সিনেমাটির গান নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা। প্রথম কিস্তির কালজয়ী সুরের রেশ কাটিয়ে নতুন সিনেমায় দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চ্যালেঞ্জ ছিল তৈরি। আর এই চ্যালেঞ্জ সামলাতেই সুরকার ও সঙ্গীতশিল্পী আখিল সাচদেবাকে ব্যক্তিগতভাবে ফোন করে দায়িত্ব দেন খোদ সিনেমার প্রধান অভিনেতা ইমরান হাশমি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই পেছনের গল্প এবং গানটি ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন এই সুরকার।
সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে আখিল সাচদেবা জানান, ‘পিয়া ঘর আয়া – হোমকামিং’ গানটির জন্য ইমরান হাশমি নিজে তাকে সরাসরি ফোন করেছিলেন। এই যোগাযোগের বিষয়টি তার জন্য বেশ চমকপ্রদ ছিল। ইমরান তাকে জানান, এতদিন আখিল যেসব চেনা ধাঁচের প্রেমানুভূতির গান বা হৃদয়ভাঙার সুর তৈরি করেছেন, তা থেকে সম্পূর্ণ বেরিয়ে নতুন কিছু করতে হবে। শুধু তাই নয়, গানটি বাঁধতে তাকে সম্পূর্ণ সৃজনশীল স্বাধীনতাও দেওয়া হয়েছিল। ইমরান তাকে স্পষ্টভাবে বলেছিলেন, তার নিজের মনের কথা বা মন যা সায় দেয়, সেই অনুভূতি থেকেই যেন গানের কথা ও সুর তৈরি করা হয়।
প্রথম ‘আওয়ারাপন’ সিনেমার ‘তেরা সেরা রিশতা’ এবং ‘তো ফির আও’-এর মতো গানগুলো হিন্দি সিনেমার সঙ্গীতের ইতিহাসে এক ভিন্ন উচ্চতায় অবস্থান করছে। ফলে সেই ঐতিহ্য ও মান বজায় রাখা আখিলের জন্য ছিল এক বিরাট দায়িত্ব। তবে নিজের ওপর আস্থা রেখে তিনি সৃষ্টিশীলতার পথ বেছে নেন। নতুন এই গানে তিনি প্রথমবারের মতো পাঞ্জাবি শব্দের ব্যবহার করেন, যা প্রথম ‘আওয়ারাপন’ সিনেমার গানের ধারায় ছিল না।
প্রচলিত ধারার বাইরে গিয়ে পাঞ্জাবি শব্দ ব্যবহারের কারণে শুরুতে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল আখিলকে। শ্রোতাদের একাংশ বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বেশ বাজে কটূক্তির মুখোমুখি হতে হয়। তবে সুরকার নিজে জানতেন, পুরো সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার পর মানুষের এই ভুল ধারণা কেটে যাবে।
শেষ পর্যন্ত আখিলের সেই বিশ্বাসই সত্যি প্রমাণিত হয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক যখন গানটি দৃশ্যায়নের সাথে উপভোগ করেছেন, তখন তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। যেসব স্রোতা শুরুতে গানটির সমালোচনা করেছিলেন, তারা নিজেরাই পরবর্তীতে ইনস্টাগ্রামে সরাসরি বার্তা পাঠিয়ে আখিলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দর্শকরা স্বীকার করেছেন যে, সিনেমার গল্পের প্রেক্ষাপটে গানটির আবেদন চমৎকার ফুটে উঠেছে।
সিনেমাটিতে প্রথম পর্বের পুরোনো গানগুলোর রিমেক বা প্রভাব থাকলেও, নতুন তৈরি হওয়া গানগুলোর মধ্যে ‘পিয়া ঘর আয়া’ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত গান হিসেবে জায়গা করে নিয়েছে। কোনো চাপ না নিয়ে নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করতে পারাকেই এই গানের মূল সার্থকতা হিসেবে দেখছেন আখিল সাচদেবা।
মন্তব্য