খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে দুটি আধুনিক বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ কৃত্রিম মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব প্রাণঘাতী মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ানের (২৩ বিজিবি) একটি চৌকস দল সীমান্ত সংলগ্ন এলাকায় এই সফল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে ভারত সীমান্ত সংলগ্ন রুট ব্যবহার করে অস্ত্র ও বিপুল অঙ্কের মাদকের একটি বড় চালান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে। এই সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কের প্রত্যক্ষ নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড় এলাকায় চটজলদি মোবাইল চেকপোস্ট স্থাপন করে।
রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে একটি মোটরসাইকেল দুজন আরোহীকে নিয়ে চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে চালক মোটরসাইকেলের গতি কিছুটা কমায়। তবে তল্লাশি এড়াতে তারা কৌশলে বাইক ঘুরিয়ে দ্রুত গতিতে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মোটরসাইকেলটির পিছু ধাওয়া করেন। প্রায় দুই থেকে তিন কিলোমিটার টানা পিছু ধাওয়ার একপর্যায়ে বাইকটি প্রধান সড়ক ছেড়ে কাঁচা ও সরু বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে। ওই সময় মুষলধারে বৃষ্টি, চারপাশের ঘুটঘুট অন্ধকার আর অতিরিক্ত কাদার কারণে বিজিবির টহল গাড়ির সঙ্গে পলায়নরত মোটরসাইকেলটির সামান্য দূরত্ব তৈরি হয়। এই ভৌগোলিক প্রতিকূলতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে তাদের মোটরসাইকেলটি ফেলে রেখে পাশের গহিন পাহাড়ের দিকে চম্পট দেয়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে নিবিড় তল্লাশি চালান। অনুসন্ধানের একপর্যায়ে বাইকের সিটের নিচে অত্যন্ত চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি পলিথিনের প্যাকেটে মুড়ে রাখা বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এবারই প্রথম প্রাণঘাতী ও মারাত্মক ক্ষতিকর কৃত্রিম মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার করা হলো। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও অবৈধ অস্ত্র পাচার পুরোপুরি রোধ করতে বিজিবির এমন জিরো টলারেন্স অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

