রামিসা হত্যা ও বিচার নিয়ে মাহবুবুল খালিদের নতুন গান

রাজধানীসহ সারা দেশকে নাড়িয়ে দেওয়া নির্মম শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে রচিত হলো প্রতিবাদী সুর। ছোট্ট রামিসার ওপর নির্মম অত্যাচার ও মর্মান্তিক মৃত্যুর বেদনা, জনমনে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে গীতিকার মাহবুবুল খালিদ তৈরি করেছেন নতুন গান ‘রামিসাদের বিচার’। গানে অতীতে ঘটে যাওয়া তনু, নুসরাত ও আছিয়া হত্যার মতো বিচারহীনতা এবং বিচার পেতে দীর্ঘ অপেক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। ১৫ আগস্ট শনিবার “খালিদ সংগীত” নামের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

গীতিকার মাহবুবুল খালিদের সুর ও লেখায় নির্মিত এই প্রতিবাদের গানে একসাথে কণ্ঠ দিয়েছেন দেশের একঝাঁক জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল শিল্পী। গীতিকার নিজে গাওয়ার পাশাপাশি মূল কণ্ঠে সুর মিলিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী টুটুল, ভারতীয় সংগীতি রিয়েলিটি শো ‘সারেগামাপা’ খ্যাত অবন্তি সিঁথি এবং ‘সেরাকণ্ঠ’ খ্যাত গায়ক রাফসান। গানের আবহ সৃষ্টি করতে কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন সংগীতা, নিতু, সুরভী রোমান ও রুশো।

উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত এই মিউজিক ভিডিওটিতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। ভিডিও নির্মাণে ছিলেন সাইফুর রহমান সুজন। গানটির ভিডিও চিত্রে স্বয়ং মাহবুবুল খালিদ, রাফসান, টুটুল, ইনাইনা ও ইচ্ছাকে পারফর্ম করতে দেখা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে গানের মধ্যকার করুণ ও ভীতিকর আবহটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে।

গান প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ জানান, একজন সচেতন শিল্পী হিসেবে অন্যায়, অত্যাচার ও সামাজিক অসংগতির বিরুদ্ধে কলম ধরাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন। রামিসার মর্মান্তিক ঘটনা তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি জানান, ঘটনাটি ঘটার পরপরই গানটি লেখা হয়েছিল। পরে সুর সংযোজনের সময় তার মনে হয় একাধিক শিল্পীর সম্মিলিত কণ্ঠ গানটির আবেগ ও আবেদনকে সর্বসাধারণের কাছে আরও জোরালোভাবে পৌঁছে দিতে পারবে। সেই চিন্তা থেকেই অবন্তি সিঁথি, রাফসান ও টুটুলকে যুক্ত করা। শ্রোতাদের বিবেক যেন এই সংগীতালেখ্যের মাধ্যমে নতুন করে জাগ্রত হয়, সেটাই এই প্রয়াসের মূল উদ্দেশ্য।

সামাজিক নানা অসঙ্গতি, অপরাধ ও আন্তর্জাতিক মানবিক সংকট নিয়ে গান বেঁধে মাহবুবুল খালিদ ইতিপূর্বেও শ্রোতাদের নজর কেড়েছেন। মিরপুরের নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তার লেখা ‘আদুরি’ গানটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল। সীমান্ত হত্যা নিয়ে তার রচিত ‘ফেলানীরে করল গুলি’ গানটি তুমুল সামাজিক আলোড়ন সৃষ্টি করে। পাশাপাশি মাগুরার শিশু আছিয়ার ওপর নির্মম নির্যাতনের ঘটনা নিয়ে লেখা ‘মাগুরার ফুল’ গানটির জন্য তিনি মর্যাদাপূর্ণ বাইফা অ্যাওয়ার্ড অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের পাশাপাশি ধর্মীয় উৎসব, লোকগীতি, দেশাত্মবোধক গান এবং ক্রীড়াজগত নিয়েও নিয়মিত সংগীত সৃষ্টি করে যাচ্ছেন এই গীতিকার।

Tags :

Shakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর