পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকে সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকায় অবস্থিত প্রকল্পের সেনা কোয়ার্টারের ‘স্নিগ্ধা’ নামক ভবনের তৃতীয় তলায় তাঁর নিজ কক্ষে এই করুণ ঘটনাটি ঘটে।
নিহত সেনাসদস্য সজীব মোল্লা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি গত ৮ থেকে ৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিটে কর্মরত ছিলেন।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, শনিবার দিনের ডিউটি সম্পন্ন করে সজীব নিজ কোয়ার্টারের কক্ষে ফিরে যান। পরবর্তীতে ভেতরে ঢুকে তিনি কক্ষের দরজা ভে ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের ভেতর ফ্যানের সঙ্গে রশি ও গামছা পেঁচিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যারাকে সেনাসদস্যের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে একজন তরুণ সেনাসদস্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ ও রূপপুর পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাঁরা নিহত সেনাসদস্যের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ধাপ ও ডেথ সার্টিফিকেট সংগ্রহের জন্য মরদেহটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



