পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে প্রাথমিক শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাই

রংপুরের পীরগঞ্জে চার বছরের এক নিষ্পাপ শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনদুপুরে অটোরিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা এই দুর্ধর্ষ ছিনতাই সম্পন্ন করে। এ সময় আতঙ্কে অটোরিকশায় থাকা নারী শিক্ষিকা ও তাঁর সহকর্মীরা হাহাকার শুরু করলে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কার্যালয় সংলগ্ন পুষ্টি অফিসের সামনের সড়কে। ভুক্তভোগী মোছা. শামীমা আক্তার মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ঘটনার বিবরণী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শামীমা আক্তার তাঁর চার বছর বয়সী শিশুকন্যা তিয়াশা জান্নাতকে কোলে নিয়ে প্রতিদিনের মতো বিদ্যালয় শেষে সহকর্মীদের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে ৪টার দিকে তাঁদের অটোরিকশাটি পুষ্টি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাতনামা যুবক গাড়িটির পথরোধ করে দাঁড়ায়। গাড়ি থামামাত্রই এক দুর্বৃত্ত শামীমা আক্তারের কোলে থাকা শিশু তিয়াশার গলায় ধারালো ছুরি ঠেকায়। শিশুটিকে হত্যার হুমকি দিয়ে তারা হাঁক ছাড়ে—”কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।”
চোখের সামনে কোলের শিশুর প্রাণনাশের হুমকি দেখে চরম আতঙ্কে শামীমা আক্তার ও তাঁর অটোরিকশায় থাকা অপর নারী সহকর্মীরা চিৎকার করতে থাকেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি সোনার চেইন হ্যাঁচকা টানে ছিনিয়ে নেয়। খোয়া যাওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। স্বর্ণালংকারটি হাতিয়ে নেওয়ার পর দুই দুষ্কৃতকারী মোটরসাইকেলের গতি বাড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ছিনতাইয়ের পর ভুক্তভোগী শিক্ষিকা শামীমা আক্তারসহ তাঁর সঙ্গে থাকা অন্য তিন সহকর্মী পীরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাতনামা দুই দুষ্কৃতকারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভরদুপুরে সরকারি দপ্তরের কাছেই এমন ভয়াবহ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক শিক্ষকদের মাঝে তীব্র নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
যোগাযোগ করা হলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, লিখিত অভিযোগটি পাওয়ার পরপরই পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে থানা পুলিশ আশ্বস্ত করেছে।
Tags :

Shakib

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।