জামায়াতের সাংসদ শাহজাহানের পিএসের নামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল ও মালামাল লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। লোহাগাড়ার পশ্চিম কলাউজান গ্রামের বাসিন্দা ও প্রবাসী ব্যবসায়ী আমির হোসেন বাদী হয়ে রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে মামলাটি করেন। সোমবার বিষয়টি জনসমক্ষে আসে।

মামলায় আরমান উদ্দিন ছাড়াও লোহাগাড়া সদর এলাকার শওকত আলী, আদিল, আনোয়ার ও জয়নাল আবেদীনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত বাদীর আরজি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে প্রবাসী আমির হোসেনের একটি চারতলা ভবন রয়েছে। ভবনটির নিচতলায় একটি স্টিলের আলমারির দোকান এবং অন্যান্য অংশ বসতঘর হিসেবে ভাড়া দেওয়া রয়েছে। অভিযোগ করা হয়, বেশ কিছুদিন ধরে আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনের নেতৃত্বে আসামিরা আমির হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বহিরাগত হিসেবে ওই এলাকায় বসবাস করতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে এবং তা না দিলে মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল রাত ২টার দিকে আরমান উদ্দিন মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই রাতেই আসামিরা আজিজ কমপ্লেক্সের নিচতলার ভাড়াটিয়া ওবায়দুল হকের আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দোকান থেকে ১২টি তিন-পার্টের ও ৩টি দুই-পার্টের স্টিলের আলমারিসহ প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকার মালামাল লুট করে নিয়ে যান। একই সঙ্গে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এমনকি ভবনের অন্য সব ভাড়াটিয়াকে বাড়িভাড়ার টাকা মূল মালিককে না দিয়ে আসামিদের কাছে জমা দেওয়ার মৌখিক নির্দেশ দেন।

ঘটনার সময় বাদী আমির হোসেন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তদের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা করেন। তবে সমাধান তো দূরের কথা, গত ২০ আগস্ট আসামিরা পুনরায় ওই ভবনে গিয়ে বাকি টাকা পরিশোধ না করা পর্যন্ত ভবনের দখল ছাড়বেন না বলে চরম হুমকি প্রদান করেন।

বিগত দুই বছরে অভিযুক্ত আরমান উদ্দিনের বিরুদ্ধে একাধিক বিতর্ক ও অনিয়মের অভিযোগ জমা হয়েছে। এর আগে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর অর্থ আদায়, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি, যুবলীগের নেতার নামে খাল খননের ডিও লেটার সুপারিশ, সংসদ সদস্যকে এলাকায় না আসার পরামর্শ দেওয়া সংক্রান্ত বিতর্কিত ফোনালাপ এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আপত্তিকর কল রেকর্ড ফাঁসের ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে আরমান উদ্দিন বলেন, তিনি গত ৭ আগস্ট থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। সুতরাং ২০ আগস্ট সশরীরে গিয়ে চাঁদা দাবি করার অভিযোগটি সম্পূর্ণ কাল্পনিক। তবে গত ৩ এপ্রিল মোবাইল ফোনে হুমকি ও লোহাগাড়ার বাসভবনে লুটপাটের অভিযোগ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি। অন্যদিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মামলার বিষয়ে তিনি লোকমুখে শুনেছেন। আদালতের লিখিত নির্দেশনা হাতে পাওয়া মাত্রই নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

Shakib

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।