আজ থেকে ঢাকায় যৌথ অভিযানে নামছে র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় চলমান ছিনতাই, ডাকাতি রোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আজ থেকে যৌথ অভিযান পরিচালনা করবে র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়টি জানান তিনি।

রাজধানীর বনশ্রীর রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র‍্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’
পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’-বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।