খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম।
তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন।
নিয়ম অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি বণ্টন করে দেন। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বণ্টন করা হয়নি।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, আজ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের না-ও হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলমের নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম।
এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম। আন্দোলনে তিনি রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। গণ–অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি।
এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যও আলোচনা চলছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বণ্টন হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয়।
খবরওয়ালা/আরডি