খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজকে দেশের বিভিন্ন দিকে তাকালেই অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। যাঁরা অন্তর্বর্তী সরকারে দেশ পরিচালনার দায়িত্বে আছেন, আমরা লক্ষ করে দেখেছি, এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এ সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা বলে আসছি, বিএনপি চায় এই সরকারকে সফল করতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, গত কিছুদিন ধরে আমরা দেখছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরি হয়েছে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা দেশে অস্থিরতা চাই না। বিগত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই দেশে স্থিতিশীলতা আনা প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ করছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোকের বক্তব্যে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। কারণ, এই সরকার যত সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনের গণতান্ত্রিক যাত্রা ততই সুদৃঢ় হবে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যে নিরপেক্ষতা আশা-প্রত্যাশা, তাঁরা সেই নিরপেক্ষতা বজায় রাখবেন।’
তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতপার্থক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক দলগুলো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত বেশি গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনাকারীদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, এটাও দেখার বিষয়। বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যত অব্যাহত রাখা যায়, তত বেশি বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে থাকবে। দেশে যদি ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।’
বিএনপি জনগণের শাসনে বিশ্বাস করে বলেই নির্বাচনে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচন করা। আজকে কিছু কিছু লোক কথায় কথায় বলে ওঠে বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন ছাড়া কিছু বোঝে না। বিএনপি জনগণের শাসনে বিশ্বাস করে, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব—এটি একটি স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করতে চাইছেন, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য ও উদ্দেশ্য আছে কি না, সেটি আমাদের ভেবে দেখতে হবে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের শুধু মানুষের ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, যে ভোটের জন্য মানুষ জীবন দিয়েছেন, সেটা নিশ্চিন্তে প্রদানের অধিকারও আমাদের নিশ্চিত করতে হবে।’
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। বেলা তিনটার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমির উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/আরডি