খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে একিউআই ২২৮। দ্বিতীয় স্থানে সাংহাই (১৯২) এবং তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা (১৯১)। এছাড়া, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে কাঠমান্ডু (১৮৫) এবং ডাকার (১৮৪)।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৯১ রেকর্ড করা হয়েছে, যা গতকালের ২১৭-এর তুলনায় কিছুটা কম। তবে অন্যান্য শহরের তুলনায় দূষণের মাত্রা এখনো অনেক বেশি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত একিউআই প্রকাশ করে, যা বায়ুর মান বিশ্লেষণ করে দূষণের মাত্রা নির্ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা দূষণের প্রধান কারণ, যা শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
বিশুদ্ধ বাতাসের সূচক ৫০-এর নিচে হলে তা নিরাপদ ধরা হয়। ৫১-১০০ হলে সহনীয়, তবে সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক, ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর। ২০১-৩০০ পর্যন্ত সূচক খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা ভয়াবহ দূষিত বলে বিবেচিত হয়।