রাজধানীর উচ্চ নিরাপত্তাবেষ্টিত মেট্রোরেল ব্যবস্থা ব্যবহার করে মাদক পাচারের এক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ঢাকা মাস ট্রানজিট পুলিশ (এমআরটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সচিবালয় স্টেশন থেকে চার কেজি গাঁজাসহ শিউলি (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ছয়টার দিকে স্টেশনের কনকোর্স লিভেলের ‘সি’ গেটের সামনে প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
আটক নারী নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের স্ত্রী বলে জানিয়েছে এমআরটি পুলিশ।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, সচিবালয় স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে যাত্রী প্রবেশের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্মে নিয়মিত চেকিং ও স্ক্যানিং কার্যক্রম চলছিল। এ সময় স্টেশনে প্রবেশ করা যাত্রী শিউলির গতিবিধি অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হলে তাঁকে থামায় কর্তব্যরত পুলিশ। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও একটি হাতব্যাগ খুলে কালো রঙের বিশেষ কাগজে অত্যন্ত পরিপাটি করে মোড়ানো চারটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ভেতরে মোট চার কেজি গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হন নিরাপত্তাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ জানান, গণপরিবহন হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় থাকে। সেখানে কড়া নজরদারি ও নিয়মিত চেকিং বজায় রাখার ফলেই এই মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকের চালানসহ শিউলিকে আটকের পরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালান বিজিবি ও এমআরটি পুলিশের দল। একই সাথে উদ্ধার করা গাঁজার জব্দতালিকা বা সিজার লিস্ট যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে। আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মেট্রোরেল ব্যবহার করে কার মাধ্যমে এই মাদক কার কাছে পাচার করা হচ্ছিল, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।



