বীমা দাবি নিষ্পত্তির হার ৭৫ শতাংশে নেওয়ার লক্ষ্য

দেশের বিমা খাতে জমে থাকা প্রায় ৭০ হাজার কোটি টাকার বিপুল পরিমাণ বকেয়া দাবি সামাল দিতে এক বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি গ্রাহকদের দাবি নিষ্পত্তির গড় হার বর্তমানের ৫৭ শতাংশ থেকে বাড়িয়ে দ্রুততম সময়ে অন্তত ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সোমবার রাজধানীর দিলকুশায় আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বিমা খাতের সার্বিক পরিস্থিতি ও এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
আইডিআরএ চেয়ারম্যান জানান, বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং বকেয়া দাবির পাহাড় কমাতে দ্বিমুখী কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। এই কৌশলের আওতায় একদিকে বিমা কোম্পানিগুলোর মালিক ও প্রধান নির্বাহীদের সাথে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বাধা এবং নিয়মতান্ত্রিক জটিলতাগুলো চিহ্নিত করা হচ্ছে। অন্যদিকে, চরম আর্থিক সংকটে থাকা কোম্পানিগুলোর ওপর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
সোমবারের অনুষ্ঠানে আইডিআরএ-এর বিশেষ উদ্দ্যোগের দ্বিতীয় পর্যায়ে ৫টি লাইফ বিমা কোম্পানির মোট ৫,৮৬৮ জন গ্রাহকের বকেয়া পাওনা বাবদ ২৩ কোটি ৪ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়। এতে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স ৩,৬০০ জন গ্রাহককে ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স ১,১৪৫ জন গ্রাহককে ৪ কোটি ৯৮ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ৫৮০ জন গ্রাহককে ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স ৩০০ জন গ্রাহককে ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইনস্যুরেন্স ২৪৩ জন গ্রাহককে ৫০ লাখ ১০ হাজার টাকার বকেয়া দাবি পরিশোধ করেছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম ধাপে ৭টি লাইফ বিমা কোম্পানির ২,৫৪৯ জন গ্রাহকের বকেয়া ১৪ কোটি ৫১ লাখ টাকা নিষ্পত্তি করা হয়েছিল।
চলতি বছরের জুলাইয়ে দায়িত্ব নেওয়া আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জোর দিয়ে বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের বৈধ পাওনা দ্রুত পরিশোধ করাই তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার। সম্পদ বিক্রি ও সিকিউরিটি বন্ড ভেঙে নগদ অর্থ সংগ্রহের মাধ্যমে সংকটাপন্ন কোম্পানিগুলোর বকেয়া মেটানোর পথ সুগম করা হচ্ছে।
দেশে কার্যরত ৮২টি বিমা কোম্পানির মধ্যে অন্তত আটটি লাইফ বিমা কোম্পানি মারাত্মক আর্থিক সংকটে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব কোম্পানির ব্যর্থতাই পুরো বিমা খাতের ওপর মানুষের আস্থা নষ্ট করেছে। তবে কেবল সংকটাপন্ন কোম্পানিই নয়, মধ্যম সারির সমস্যা থাকা কোম্পানিগুলোকেও নিবিড় তত্ত্বাবধানে এনে নিয়মিত জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থেকে আইডিআরএ-এর এই সুশাসন ও সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেন। বিমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঝুঁকিভিত্তিক তদারকি নিশ্চিত করতে সরকারের সর্বাত্মক সমর্থনের আশ্বাস দিয়ে তিনি বলেন, বিমা গ্রহীতাদের অধিকার রক্ষা করাই হতে হবে এই খাতের মূল ভিত্তি। গ্রাহকের অধিকার সুরক্ষিত হলে এবং বৈধ পাওনা সময়মতো মেটানো হলে দেশের অর্থনীতিতে বিমা খাত আরও জোরালো ভূমিকা রাখতে পারবে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।