বয়সের ভারে নুয়ে পড়ছে সিআরবির ‘ফুসফুস’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কোনো রোগ কিংবা ছত্রাকের আক্রমণে নয়, বয়স ও কংক্রিটের আস্তরণের কারণে চট্টগ্রামের  ফুসফুস খ্যাত সিআরবি এলাকার বড় বড় গর্জন ও শিরীষ গাছগুলো আস্তে আস্তে তাঁদের প্রাণশক্তি হারিয়ে ফেলছে। ১০ বছর ধরে গাছগুলোর ডালপালায় মড়ক লেগেছে।

সম্প্রতি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) অনুসন্ধান ও গবেষণায় এসব তথ্য উঠে আসে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি এলাকাটি চট্টগ্রামের সবুজ ও উন্মুক্ত এলাকায় সারাবছরই থাকে মানুষের আনোগোনা। প্রকৃতির এক মেলবন্ধনে আবদ্ধ এই অঞ্চলের গাছগুলোর বিশালাকৃতি ‘ভইঙ্গা’দের আকর্ষণ করে বেশ।

শিরীষ, গর্জন, সোনালুসহ নানা প্রজাতির গাছপালা রয়েছে। এসব ছায়াদানকারী গাছগুলোর টানে সারা দিন নগরের নানা এলাকার মানুষ ছুটে যান সিআরবিতে। বড় গাছগুলোর বয়স ৭০ থেকে ৮০ বছরের কম নয়। দুই বছর আগে এই গাছগুলো কেটে সেখানে হাসপাতাল তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছিলেন চট্টগ্রামের মানুষ। প্রতিবাদের মুখে ওই প্রকল্পও বাতিল হয়।

তবে এখানকার বড় গাছগুলোতে মড়ক লেগেছে কয়েক বছর আগে থেকে। গাছের ডালপালা শুকিয়ে ভেঙে পড়ছিল। এর কারণ অনুসন্ধানের জন্য তখনই একবার বন বিভাগের লোকজন সিআরবি এলাকা পরিদর্শন করেছিলেন। বর্তমানে গাছগুলোর ডালপালায় মড়ক আরও বেশি হয়েছে। সম্প্রতি রীতু পারভীন নামের এক পরিবেশকর্মী বিষয়টি পুনরায় বন বিভাগের নজরে আনে। এরপর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) বন রক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আহসানুর রহমান ও গবেষণা কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মতিয়ার রহমানের সমন্বয়ে গত ৩০ জানুয়ারি একটি অনুসন্ধান দল গঠন করা হয়। তাঁরা এলাকাটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ এবং গবেষণার পর ১৩ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন দিয়েছেন।

অনুসন্ধান দলের প্রধান বিএফআরআইয়ের বন রক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আহসানুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়কের আইল্যান্ডের মাঝখানে থাকা গর্জন ও শিরীষ গাছগুলোর ডালপালা মারা যাচ্ছে। এর কয়েকটি কারণের মধ্যে গাছগুলোর বয়স একটা কারণ। এ ছাড়া গাছের গোড়া চারদিক থেকে কংক্রিটের আস্তরণে ঢাকা। ফলে শিকড় বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। পানি–আলো–বাতাস কম পাচ্ছে। এমনিতে গাছগুলোর বয়স ৭০ থেকে ৮০ বছর, তাই আস্তে আস্তে জীবনশক্তি ক্ষয় হচ্ছে।

সিআরবিতে সড়ক বিভাজকের প্রস্থ আনুমানিক দুই মিটার। বিভাজকে আটটি গর্জনগাছ ও একটি সোনালুগাছ পাওয়া যায়। এ ছাড়া রাস্তার পাশের ফুটপাতে ছয়টি গর্জন গাছ দেখা গেছে। রাস্তার অপর পাশে শতবর্ষী একটি শিরীষ গাছ রয়েছে, যার আয়ুষ্কাল প্রায় শেষ পর্যায়ে। গর্জন গাছগুলোর বয়স ৭০ থেকে ৮০ বছর। গাছগুলোর গড় উচ্চতা ২৫ থেকে ৩৫ মিটার এবং বেড় ২৫০ থেকে ৩০০ সেন্টিমিটার।

দেখা যায়, বেশিরভাগ গর্জন গাছের আগা ও ডালপালা শুকিয়ে মরে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে। কিছু গাছের বাকল শুকিয়ে গেছে। আক্রান্ত গাছের শিকড়ে পচন দেখা গেছে।

গবেষক দল সূত্রে জানা গেছে, গাছগুলোর গোড়ার মাটি ও আক্রান্ত ডালের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে। গাছের মৃত অংশে এবং মাটিতে কোনো রোগ সৃষ্টিকারী প্যাথোজেনিক ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়নি। কয়েক প্রজাতির সাধারণ পরিবেশগত ছত্রাক শনাক্ত করা হয়েছে, যা মূলত মৃত বা ক্ষতিগ্রস্ত গাছে জন্মায়। এসব ছত্রাক পরিবেশে বাস্তু, পানি ও মাটিতে সচরাচর এমনিতেই পাওয়া যায়, যা গর্জন ও শিরীষগাছের জন্য ক্ষতিকর নয়। আক্রান্ত গাছগুলোতে কোনো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি বলেও গবেষকেরা জানান।

গাছ মারা যাওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, গাছের গোড়ায় কংক্রিটের আস্তরণের কারণে প্রাকৃতিক পানি ও পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হয়েছে, গাছের শিকড়ের প্রসারণেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে পিচঢালা রাস্তা থাকায় নিয়মিত যানবাহন চলাচল করার ফলে যানবাহনের চাপ গাছের শিকড় ও কাণ্ডের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। শিকড়ের ক্ষতির ফলে গাছের পুষ্টি ও পানি শোষণ ক্ষমতা হ্রাস পেয়েছে। গাছের বৃদ্ধি ও টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক পরিবেশের অভাব দেখা গেছে। এ ছাড়া ৭০ থেকে ৮০ বছরের গর্জন প্রজাতির গাছগুলো পরিণত বয়স্ক। প্রাকৃতিকভাবে বৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ফলে গাছগুলো দুর্বল হয়ে যাচ্ছে।

প্রতিবেদনে কয়েকটি সুপারিশও করা হয়েছে। এর মধ্যে গাছের গোড়ার চারপাশ থেকে কংক্রিটের আস্তরণ অপসারণ করে মাটি উন্মুক্ত করার কথা বলা হয়েছে। এতে পানি ও বায়ু চলাচল স্বাভাবিক থাকবে। এ ছাড়া সড়ক বিভাজকে বৃক্ষ রোপণের ক্ষেত্রে কম উচ্চতার অর্জুন, বহেরা, হরীতকী, কৃষ্ণচূড়া, নিম, কাঠবাদামসহ অন্যান্য দেশীয় প্রজাতির শোভাবর্ধক গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। গাছের গোড়ায় পানি ও জৈব সার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।