চুয়াডাঙ্গায় শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ৫ রুটে অননির্দিষ্টকালের বাস ধর্মঘট

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা পাঁচটি প্রধান রুটে পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও মহাসড়কে অবৈধ ইজিবাইকের বিশৃঙ্খলার বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরিবহন শ্রমিকেরা এই ধর্মঘট পালন করছেন।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠনের এক জরুরি সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। আকস্মিক এই ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলাসহ চুয়াডাঙ্গা জেলার অভ্যন্তরীণ হাসাদহ ও আলমডাঙ্গা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে সোমবার দিনভর বাস চলাচল স্বাভাবিক ছিল।
স্থানীয় সূত্র ও পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া এলাকায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যান চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের ওপর হামলার অভিযোগ তুলে ক্ষুব্ধ ইজিবাইক চালকেরা মহাসড়কে বেরিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল স্তব্ধ করে দেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কে এই অবরোধ চলায় স্থবির হয়ে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা। পরবর্তীতে উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার আশ্বাসে অবরোধ তুলে নেন ইজিবাইক চালকেরা।
হামলার প্রতিবাদ ও মহাসড়কে ইজিবাইক ও ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের অপতৎপরতার প্রতিবাদে সোমবার সকালে বাস শ্রমিকেরা একযোগে গাড়ি চলাচল বন্ধ রাখেন। সকালে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এবং দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে। কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
সড়কে হঠাৎ বাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। এই সুযোগে শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান চলাচল করতে দেখা যায়। গন্তব্যে পৌঁছাতে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনে এসব ঝুঁকিপূর্ণ ইজিবাইক ও ভ্যানে চড়ে যাতায়াত করছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবহন শ্রমিকদের ওপর অন্যায়ভাবে হামলা চালোনো হয়েছে এবং মহাসড়ক দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে। মহাসড়কে ইজিবাইকের এ ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
দুপুরে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে শ্রমিক ও বাস মালিক ঐক্য পরিষদের এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঘোষণা দেওয়া হয়, সমস্যা সমাধান ও দাবি আদায় না হলে মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া সব দূরপাল্লার পরিবহন চলাচলও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এমনকি পরিস্থিতি তৈরি হলে পরবর্তীতে বিভাগীয় ধর্মঘট এবং সারা দেশে বাস-ট্রাক বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন পরিবহন নেতারা।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।