চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৯ কোটি ৬৭ লাখ টাকার চেক হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি চট্টগ্রাম অঞ্চলে নিজেদের গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির নগদ অর্থ পরিশোধ করেছে। শনিবার চট্টগ্রাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক তুলে দেওয়া হয়।
একই সঙ্গে পপুলার লাইফ ইনস্যুরেন্সের চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে এক ব্যবসায়িক পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সাধারণ বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে তাঁদের প্রতিষ্ঠান। গ্রাহকরা কষ্টার্জিত অর্থ দিয়ে সঞ্চয়ের উদ্দেশ্যে বীমা করেন, তাই সঠিক সময়ে তাঁদের জমানো পাওনা ও দাবি পরিশোধ করাটাই বীমা কোম্পানির প্রধান নীতি হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, গ্রাহকের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পপুলার লাইফ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনেও সেবার মান আরও আধুনিক ও উন্নত করে দেশের সার্বিক বীমা খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী জানান, যেকোনো বীমা প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের দাবি সময়মতো মেটানো একটি বড় দায়িত্ব। পপুলার লাইফ ইনস্যুরেন্স ইতোমধ্যে হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকার বীমা দাবি সফলভাবে পরিশোধ করে বাজারে ইতিবাচক ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা তৈরি করেছে। গ্রাহকরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুততম সময়ে তাঁদের মেয়াদী অর্থ ফেরত পান, সে বিষয়ে কোম্পানি সার্বক্ষণিক নজরদারি রাখছে। উপস্থিত উন্নয়ন কর্মকর্তাদের উদ্দেশে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করে কোম্পানির ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সেলিম মিয়া এবং ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম এবং একক বীমা প্রকল্পের ইনচার্জ অরুণ চন্দ্র। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মেয়াদোত্তীর্ণ গ্রাহকদের হাতে মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার চেক তুলে দেন। বিপুল অঙ্কের বীমা দাবি বুঝে পেয়ে গ্রাহকরাও আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।