জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বড় ভাই নুর ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ রয়েছে, এ সময় নুর ইসলাম ও তার সঙ্গে থাকা কয়েকজন নুর মোহাম্মদের ওপর হামলা করেন। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে তার ছোট ভাইয়ের বুকে আঘাত করেন। এতে নুর মোহাম্মদ মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

নিহতের স্ত্রী পারভীন বেগমের অভিযোগ, নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার সময়ও নুর ইসলামের লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাটি তদন্তে নামে। পরে নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবুকে আটক করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জমি নিয়ে বিরোধের সূত্র ধরে সংঘর্ষের ঘটনাটি কীভাবে প্রাণঘাতী হামলায় রূপ নিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।