মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

রাজধানীর মোহাম্মদপুরে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দুটি পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত নয়টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় এই সহিংসতা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বসিলা ব্রিজ সংলগ্ন ময়ূর ভিলার সামনের রাস্তায় হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় একটি চিহ্নিত কিশোর গ্যাং ‘সাব্বির গ্রুপ’-এর সদস্যদের সঙ্গে প্রতিপক্ষ আরেকটি গ্রুপের বাকবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় এলোপাতাড়ি গোলাগুলি। বিকট গুলির শব্দে পুরো বসিলা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পথচারীরা যে যার মতো নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি শুরু করেন।
গোলাগুলির মাঝে পড়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। রক্তাত্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত চত্বর ছেড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
ঠিক কী নিয়ে দুই অপরাধী চক্রের মধ্যে এই সশস্ত্র মারামারি শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা মাদকের কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত। মোহাম্মদপুরের বসিল এলাকায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও বিভিন্ন ভাসমান সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রায়শই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ সদস্য ও স্থানীয় টহল টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। মোহাম্মদপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ জড়িত সাব্বির গ্রুপের সদস্য ও প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীদের গ্রেপ্তারে ইতোমধ্যেই বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বর্তমানে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।