পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের মতো পবিত্র স্থানে শিক্ষক নামধারী ব্যক্তিদের এমন অনৈতিক কর্মকাণ্ডে পুরো উপজেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান। ঘটনা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নেন সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল। সেখানে তিনি ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে যৌন নিপীড়ন চালান। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে একই দিন প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত করা হয়। জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও স্কুলে নানা অনিয়ম এবং প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে, ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান একই বিদ্যালয়ের এক নারী সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন। এই ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে অপরাধের প্রমাণ মেলায় এবং স্কুলের শিক্ষার পরিবেশ রক্ষায় তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, অভিযোগগুলোর স্পর্শকাতরতা বিবেচনা করে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত রিপোর্টের আলোকে চূড়ান্ত আদেশ জারি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


