শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার সাত পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

টানা শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় কয়েক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনসহ কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান অস্থিরতার কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এর আগে মঙ্গলবার একই আইনি ধারায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিনটি কারখানা—নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখার অর্থ হলো ‘নো ওয়ার্ক, নো পে’—অর্থাৎ কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান। সে সময় কয়েকজন শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের দ্রুত তৎপরতায় তারা সড়ক ছেড়ে বাড়ি ফিরে যান।

এদিকে শ্রম আইনের ১৩(১) ধারায় একের পর এক কারখানা বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, এই ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে এবং নতুন করে আন্দোলন উসকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ার পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই উন্নত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেওয়ায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান এবং পরে আরও একটি কারখানার শ্রমিকদের বেরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। সব মিলিয়ে ছয়টি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার মমিনুল ইসলাম আরও জানান, একটি কারখানার কয়েকটি ফ্লোরের শ্রমিকরা বেরিয়ে যাওয়ার পাশাপাশি এএম ডিজাইনের কারখানার ফটকে একজনকে ঢিল ছুড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। তাঁর মতে, বাইরের একটি মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ বন্ধের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো দাবি-দাওয়া ছাড়াই কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলে টহল জোরদার করা হয়েছে। শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে সচেতন করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে মালিকপক্ষ জানিয়েছে।

অন্যদিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, সাভার-আশুলিয়ার সামগ্রিক পরিবেশ শান্ত রয়েছে এবং অধিকাংশ কারখানায় স্বাভাবিক কাজ চলছে। দু-একটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছিল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করেছে। এ ক্ষেত্রে কারখানা মালিক ও শ্রমিক নেতারাও প্রশাসনকে সহযোগিতা করছেন।

শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, সরকারের উদ্যোগে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকরা বর্ধিত হারে বেতন পাবেন। পাশাপাশি শ্রমিকদের জন্য প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। কাজে যোগ না দেওয়া বা কর্মবিরতি পালনকারীদের মধ্যে বিশৃঙ্খলাকারী ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা সক্রিয় রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার-আশুলিয়াসহ দেশের কোথাও কেউ শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।