স্মরণ—বাংৱা সাহিত্যের কিংবদন্তি কথা শিল্পী হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক অনন্য জাদুকরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।

কথার জাদুকররা কখনো হারিয়ে যান না। তাঁরা বেঁচে থাকেন বইয়ের পাতায়, অক্ষরের গাঁথুনিতে, গল্পের বাঁকে, চরিত্রের হাসি-কান্নায়। বেঁচে থাকেন পাঠকের অনুভবে, ভালোবাসায় ও কল্পনার জগতে। হুমায়ূন আহমেদ তেমনই একজন বিরল কথাশিল্পী, যিনি চলে গিয়েও কোটি পাঠকের হৃদয়ে আজও জীবন্ত।

জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ সালে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে। বাবা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁর বাবা শহীদ হন। পিতার দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর সাহিত্যেও গভীর ছাপ ফেলেছে।

হুমায়ূন আহমেদ শুধু একজন ঔপন্যাসিক ছিলেন না; তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করলেও একসময় লেখালেখিকেই জীবনের প্রধান অবলম্বন করে নেন।

১৯৭২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ বাংলা সাহিত্যে তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘দারুচিনি দ্বীপ’, ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কোথাও কেউ নেই’সহ অসংখ্য কালজয়ী রচনা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে।

তাঁর লেখার সবচেয়ে বড় শক্তি ছিল সহজ ভাষায় গভীর জীবনবোধ প্রকাশের অসাধারণ ক্ষমতা। সাধারণ মানুষের সুখ-দুঃখ, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রেম-বিরহ, অভিমান, নিঃসঙ্গতা, হাস্যরস, রহস্য ও মানবিক অনুভূতিকে তিনি এমন সাবলীলভাবে তুলে ধরতেন যে পাঠক কখনো বুঝতেই পারতেন না, কখন গল্পের ভেতর নিজের জীবনের গল্প খুঁজে পেয়েছেন।

তাঁর সৃষ্ট চরিত্রগুলো যেন বাংলা সাহিত্যের একেকটি জীবন্ত কিংবদন্তি। হিমু, মিসির আলী, শুভ্র, বাকের ভাই কিংবা রূপা—প্রতিটি চরিত্রের রয়েছে স্বতন্ত্র জীবনদর্শন, মনস্তত্ত্ব ও আবেদন। হিমুর উদাসীন পথচলা, মিসির আলীর যুক্তিনির্ভর অনুসন্ধান, শুভ্রর সরলতা কিংবা বাকের ভাইয়ের প্রতিবাদী ব্যক্তিত্ব পাঠকের মনে স্থায়ী আসন করে নিয়েছে।

তাঁর উপন্যাস ও নাটক যেন আমাদের জীবনেরই আয়না। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘অয়োময়’ কিংবা ‘আজ রবিবার’—টেলিভিশনের পর্দায় এসব নাটক একসময় ঘরে ঘরে আনন্দ, আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাকের ভাইয়ের পরিণতি দর্শকদের মনে যে গভীর আলোড়ন তুলেছিল, তা বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা।

‘তোমাদের এ নগরে’, ‘চলে যায় বসন্তের দিন’, ‘প্রিয়তমেষু’, ‘রঙ পেন্সিল’, ‘আনন্দ বেদনার কাব্য’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘জোছনা ও জননীর গল্প’—তাঁর সৃষ্টির ভুবনে প্রবেশ করলে মনে হয়, শব্দেরও বুঝি প্রাণ আছে, গল্পেরও বুঝি নিজস্ব এক পৃথিবী আছে।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি রেখেছেন অনন্য স্বাক্ষর। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’ ও ‘শ্যামল ছায়া’ তাঁর সৃজনশীলতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ এবং ‘শ্যামল ছায়া’ তাঁর শিল্পীসত্তার গভীরতা ও দেশপ্রেমের পরিচয় বহন করে।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে অর্জন করেন একুশে পদক। চলচ্চিত্র নির্মাণেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা।

হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার রহস্য বোধহয় এখানেই—তিনি পাঠককে শুধু গল্প শোনাননি, গল্পের অংশ করে নিয়েছেন। তাঁর চরিত্রগুলো অনেকটা তাঁর মতোই রহস্যময়, পাগলাটে, প্রাণবন্ত, কখনো হাস্যরসিক, কখনো গভীর বিষণ্নতায় আচ্ছন্ন। তাঁর বই পড়তে পড়তে পাঠক কখনো হেসেছেন, কখনো কেঁদেছেন, কখনো নিজের অজান্তেই জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

আজও কোনো তরুণ খালি পায়ে পথে হাঁটতে হাঁটতে নিজেকে হিমু ভেবে বসেন। কোনো রহস্যপ্রিয় পাঠক মিসির আলীর মতো যুক্তির সন্ধান করেন। কেউ জোছনাভরা রাতে আকাশের দিকে তাকিয়ে খুঁজে ফেরেন হুমায়ূনের গল্পের সেই মায়াবী পৃথিবী। ধোঁয়া ওঠা এক কাপ চা, বৃষ্টিভেজা বিকেল কিংবা নিস্তব্ধ রাতের নিঃসঙ্গতায় তাঁর বই হয়ে ওঠে একান্ত আপন সঙ্গী।

২০১২ সালের ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি পাড়ি জমান না-ফেরার দেশে। গাজীপুরের নুহাশ পল্লীতে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের এই অমর কথাশিল্পী।

মানুষের জীবন ফুরিয়ে যায়, কিন্তু সৃষ্টির মৃত্যু হয় না। হুমায়ূন আহমেদও তাই সময়ের সীমানা অতিক্রম করে বেঁচে আছেন তাঁর অগণিত পাঠকের হৃদয়ে। যত দিন বাংলা ভাষা থাকবে, যত দিন মানুষ গল্প ভালোবাসবে, যত দিন জোছনা, বৃষ্টি, প্রেম, বিরহ আর জীবনের রহস্য মানুষকে আকৃষ্ট করবে—তত দিন হুমায়ূন আহমেদও থাকবেন আমাদের সঙ্গে।

তিনি নেই, অথচ তাঁর সৃষ্ট চরিত্রগুলো আছে। তাঁর কণ্ঠের মতো সংলাপগুলো আজও কানে বাজে। তাঁর গল্পের মানুষগুলো আজও আমাদের চারপাশে হেঁটে বেড়ায়।

কথার জাদুকররা কখনো হারিয়ে যান না। তাঁরা অক্ষরে অক্ষরে বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

শুভ জন্মদিন, প্রিয় কথাশিল্পী।

বাংলা সাহিত্যের এই অনন্য জাদুকরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।