খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, খুলনা সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা। প্রকাশ্যে গুলি করে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো এবং মোটা অঙ্কের চাঁদা আদায়ের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাজনৈতিক নেতাদের অভিযোগ, ধারাবাহিক হত্যাকাণ্ড, হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ কেউ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখছেন, আবার অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন।
এমন পরিস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগের দাবি উঠেছে। কয়েকজন নেতা যৌথ বাহিনীর অভিযান এবং প্রয়োজনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পুলিশ ব্যর্থ হলে বিএনপি মাঠে নামবে: হুইপ বকুল
জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল খুলনার বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, খুলনা এখন আতঙ্ক ও সন্ত্রাসের শহরে পরিণত হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও হত্যাকাণ্ড, চাঁদাবাজির দাবিতে হামলা কিংবা ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, পুলিশ ও প্রশাসনকে বারবার কঠোর হওয়ার আহ্বান জানানো হলেও প্রত্যাশিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হলে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি মাঠে নামবে বলেও সতর্ক করেন এই সংসদ সদস্য।
রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনাকে সন্ত্রাসমুক্ত করতে সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন। তাঁর মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা ও হতাশার কারণে কিছু তরুণ অপরাধের পথে পা বাড়াচ্ছে। অল্প কিছু টাকার প্রলোভনে কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, আবার কেউ মাদকের দিকে ঝুঁকছে।
তিনি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্য, সন্ত্রাসের মাধ্যমে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের এখনো স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ রয়েছে। প্রয়োজনে আইনি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে।
একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
যৌথ বাহিনীর অভিযান ও কারফিউ জারির দাবি
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। তাঁর দাবি, কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী বিপুলসংখ্যক নগরবাসীকে জিম্মি করে রেখেছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে দ্রুত যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানো প্রয়োজন। পরিস্থিতির অবনতি হলে কারফিউ জারির কথাও বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই অনেককে হত্যার শিকার হতে হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮ থেকে ১০ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগও করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, নগরীতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রকাশ্যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেন। অনেকেই নিরাপত্তার কারণে খুলনা ছেড়ে চলে গেছেন। কেউ কেউ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। চাঁদাবাজির শিকার হলেও প্রাণহানির আশঙ্কায় অনেকে মুখ খুলছেন না।
তিনি দাবি করেন, কয়েকটি সংঘবদ্ধ গোষ্ঠী সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা, এমনকি কোটি টাকাও আদায় করছে। ফলে নগরীতে এক ধরনের নীরব চাঁদাবাজির পরিবেশ তৈরি হয়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন কেসিসির প্রশাসক। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।
সন্ত্রাস দমনে অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম মঞ্জু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে নেওয়া নিরাপত্তাব্যবস্থার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, ওই সময়ে খুলনা বিভাগে দেড়শ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং বিশেষ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তবে সন্ত্রাসীদের দমনে সরকারকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ-প্রশাসনের সঙ্গে অপরাধীদের যোগসূত্র নিয়ে প্রশ্ন
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে।
তিনি প্রশ্ন করেন, অপরাধীদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে প্রশাসনের কাছে তথ্য থাকার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অপরাধীদের কোনো ধরনের গোপন যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
আজিজুল বারী হেলাল বলেন, গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যেও কেউ অপরাধে জড়িত থাকলে তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ভূমিকা কাউকে অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না।
তাঁর বক্তব্য, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের কোনো ধরনের পক্ষপাত বা শিথিলতা থাকা উচিত নয়। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
নিরাপত্তাহীনতায় জামায়াতের সংসদ সদস্যও উদ্বিগ্ন
খুলনা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালও নগরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, খুলনার মানুষ স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে চান। কিন্তু বর্তমানে কখন, কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হবে, তা নিয়ে নগরবাসীর মধ্যে অনিশ্চয়তা কাজ করছে।
নিরাপত্তাহীনতার কারণে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছেন বলে জানান তিনি। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন। এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে কীভাবে?
তাঁর মতে, অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুধু আশ্বাস কিংবা বক্তব্য দিয়ে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। তিনি নিজের অবস্থান থেকে সেই সহযোগিতা করছেন। তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেও জানান।
নগরীর বাইরেও অপরাধের বিস্তারের অভিযোগ
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, অপরাধ দমনে নগরীতে দৃশ্যমান কার্যক্রমের ঘাটতি রয়েছে। অপরাধীদের তালিকা তৈরি করে সতর্ক করার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির উন্নতি হবে না।
তাঁর অভিযোগ, মহানগরীতে হত্যা, চাঁদাবাজি ও মাদক ব্যবসা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের অবস্থান সম্পর্কে প্রশাসনের কাছে তথ্য থাকলে তাদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
শুধু খুলনা মহানগরীর পাঁচটি থানার এলাকাই নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান বাবুল হাওলাদার। তাঁর ভাষ্য অনুযায়ী, বটিয়াঘাটা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও ডুমুরিয়া উপজেলায় জমি দখল, চাঁদাবাজি, হত্যা ও মাদক কারবারের অভিযোগ পাওয়া যাচ্ছে।
নাগরিক সমাজের এই প্রতিনিধি মনে করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মানুষ যদি ভয়ের কারণে অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে না পারেন, তাহলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে।
অভিযান জোরদারের কথা জানাল পুলিশ
খুলনা জেলার পুলিশ সুপার সরদার ওমর ফারুক জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সামনে ব্লক রেইড বা নির্দিষ্ট এলাকায় একযোগে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলকেন্দ্রিক অভিযান আরও জোরদার করা হচ্ছে। বিভিন্ন থানার সীমানাসংলগ্ন এলাকাগুলোতেও সমন্বিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগের বিপরীতে পুলিশের এসব উদ্যোগ কতটা কার্যকর ফল বয়ে আনবে, তা নিয়ে নগরবাসীর মধ্যে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই রয়েছে।
খুলনার বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনা, ব্যবসায়ীদের আস্থা পুনরুদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে নাগরিক সমাজ—সব পক্ষই সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছে। এখন সেই দাবি বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তার ওপরই নির্ভর করছে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নগরবাসীর স্বাভাবিক জীবনে ফিরে আসা।


