ভারতবর্ষে পেনিসিলিন উৎপাদনের পথিকৃৎ এক বিস্মৃত বিজ্ঞানী
বাঙালির ইতিহাসে এমন অনেক কৃতী মানুষ রয়েছেন, যাঁদের অসামান্য অবদান সময়ের প্রবাহে অনেকটাই আড়ালে পড়ে গেছে। অথচ তাঁদের মেধা, গবেষণা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম একটি সময়ের বিজ্ঞান ও শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চিকিৎসাবিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষ তেমনই একজন বিস্মৃতপ্রায় কৃতী বাঙালি, যিনি ভারতবর্ষে সিরাম, ভ্যাকসিন ও পেনিসিলিন উৎপাদনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
১৮৯০ সালের ১৬ নভেম্বর তৎকালীন ত্রিপুরা জেলার (বর্তমান বাংলাদেশের চাঁদপুর) আশিকাটি গ্রামে জন্মগ্রহণ করেন হেমেন্দ্রনাথ ঘোষ। তাঁর পিতা গুরুচরণ ঘোষ ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। গ্রামের কাছেই বাবুরহাট হাইস্কুলে তাঁর শিক্ষাজীবনের সূচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারদাচরণ দত্তের অনুপ্রেরণা তাঁর মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান। বঙ্গবাসী কলেজ থেকে আইএসসি পাস করে ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে। কিন্তু তাঁর শিক্ষাজীবন ছিল না সম্পূর্ণ নির্বিঘ্ন। ছাত্রাবস্থায় ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে তাঁকে কারাবরণ করতে হয়। কারামুক্তির পর নানা প্রতিকূলতা অতিক্রম করে ১৯১৮ সালে চিকিৎসাশাস্ত্রে এমবি ডিগ্রি অর্জন করেন।
১৯১৯ সালে তৎকালীন কারমাইকেল মেডিকেল কলেজে (বর্তমান আর জি কর মেডিকেল কলেজ) প্রথম আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে (আইএমএস) অস্থায়ী কমিশন নিয়ে ডেরা ইসমাইল খানে কাজ করেন। কিন্তু অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সেখানে তাঁর পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পদত্যাগ করেন।
এরপরই তাঁর জীবনের লক্ষ্য নতুন মাত্রা পায়। চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও দেশীয় ওষুধশিল্পের বিকাশে নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন।
১৯২০ সালে উচ্চতর গবেষণা ও ঔষধ প্রস্তুতপ্রণালির জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ইউরোপ যাত্রা করেন। ইংল্যান্ডের প্রচলিত ডিগ্রির পেছনে না ছুটে সরাসরি যোগ দেন প্যারিসের বিশ্বখ্যাত পাস্তুর ইনস্টিটিউটে। সেখানে তৎকালীন খ্যাতিমান বিজ্ঞানীদের অধীনে সিরাম, ভ্যাকসিন ও বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরির পদ্ধতি এবং সেগুলোর মান নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা করেন।
কিন্তু বিদেশে গবেষণার ব্যয় নির্বাহ করতে গিয়ে একসময় চরম আর্থিক সংকটে পড়েন। ঠিক সেই সময় তাঁর জীবনে আশীর্বাদ হয়ে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্যারিস সফরকালে রবীন্দ্রনাথ তাঁর গবেষণার গুরুত্ব উপলব্ধি করেন। হেমেন্দ্রনাথের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে একটি চিঠি লেখেন। রবীন্দ্রনাথের অনুরোধে স্যার আশুতোষ তাঁর জন্য রাধিকা প্রসন্ন বৃত্তির ব্যবস্থা করেন। সেই বৃত্তির অর্থে গবেষণা অব্যাহত রাখার সুযোগ পান তিনি।
প্যারিসে গবেষণা শেষ করে জার্মানির বার্লিনের রবার্ট কখ ইনস্টিটিউট, মারবুর্গের বেহরিং ওয়ার্কস এবং হামবুর্গের ট্রপিক্যাল ইনস্টিটিউটসহ ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯২৩ সালে দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন বিভিন্ন ব্যাকটেরিয়ার কালচার, গবেষণার উপকরণ এবং একটি ছোট পরীক্ষাগার গড়ে তোলার প্রয়োজনীয় সরঞ্জাম। এমনকি জাহাজে সমুদ্রযাত্রার সময়ও ব্যাকটেরিয়ার কালচারগুলো জীবিত রাখার জন্য তাঁকে নিরলস পরিশ্রম করতে হয়েছিল।
দেশে ফিরে যোগ দেন বেঙ্গল ইমিউনিটি কোম্পানিতে। সেখানে তাঁর গবেষণা ও উদ্যোগে ভারতীয় প্রযুক্তিতে সিরাম ও ভ্যাকসিন উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। বিশেষ করে ভারতে প্রথম দেশীয় অ্যান্টি-ডিপথেরিয়া সিরাম উৎপাদনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। ব্রিটিশ শাসনামলে বিদেশি প্রযুক্তি ও প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতার সময়ে কলকাতায় দেশীয় উদ্যোগে এই সাফল্য ছিল এক বড় বৈজ্ঞানিক অর্জন।
একই সময়ে তিনি যাদবপুর টিউবারকিউলোসিস হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। যক্ষ্মারোগীদের চিকিৎসাসেবায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
পরবর্তী সময়ে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে যুক্ত হয়ে প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সান্নিধ্য ও উৎসাহ তাঁর গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ করে। এই প্রতিষ্ঠানের গবেষণাগার থেকেই ভারতে প্রথম টিটেনাস অ্যান্টিটক্সিক সিরাম উৎপাদিত হয়।
১৯৩০ সালে তিনি আবার ইউরোপ ও আমেরিকা সফর করেন। যুক্তরাষ্ট্রের অ্যালবানির স্টেট ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করেন এবং গবেষণার নতুন পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৩২ সালে প্যারিস থেকে এমএসপিই ডিপ্লোমা লাভ করেন।
গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগ ও অর্থায়নের অভাবে তিনি নিজস্ব উদ্যোগে একটি পূর্ণাঙ্গ গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেন। ১৯৩৫ সালে পাস্তুর ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে পূর্ণাঙ্গ গবেষণাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং নিজেই এর প্রথম পরিচালক হন। এই প্রতিষ্ঠানটি ছিল ভারতে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রাথমিক পর্যায়ের জাতীয় চিকিৎসা গবেষণাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। পরবর্তী সময়ে এটি ভারত সরকারের অধীনে আসে এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেডিসিন নামে পরিচিত হয়।
তবে হেমেন্দ্রনাথ ঘোষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও শিল্পোদ্যোগী সাফল্য আসে ওষুধ উৎপাদনে।
স্ত্রী আন্না ঘোষের (নিউতা) সহযোগিতায় নিজেদের সঞ্চিত অর্থ ও সম্পদ বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেন স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। তাঁর স্ত্রী আন্না নিজেও প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটে ব্যাকটেরিওলজি বিষয়ে অধ্যয়ন করেছিলেন। ফলে গবেষণা ও ওষুধ উৎপাদনের কাজে দুজনের মধ্যে গড়ে উঠেছিল অসাধারণ পেশাগত সহযোগিতা।
এই প্রতিষ্ঠানে অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করতে গিয়ে তাঁরা পেনিসিলিন উৎপাদন ও মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তাঁর পরিকল্পিত পাইলট প্ল্যান্টে স্থানীয় জনবল, দেশীয় প্রযুক্তি ও তুলনামূলক সাশ্রয়ী কালচার মাধ্যমে উৎপাদিত হয় ভারতবর্ষের প্রথম পেনিসিলিন। বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতার যুগে এটি ছিল ভারতীয় ওষুধশিল্পের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশ থেকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানি প্রায় বন্ধ হয়ে গেলে তাঁর প্রতিষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায়। সেনাবাহিনীর জন্য অ্যাড্রেনালিন-পিটুইটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ওষুধও উৎপাদন ও সরবরাহ করে প্রতিষ্ঠানটি। দেশীয় কাঁচামাল, প্রযুক্তি ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে একটি আধুনিক ওষুধশিল্প গড়ে তোলা যায়, হেমেন্দ্রনাথ ঘোষ তার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
শুধু ওষুধ উৎপাদন নয়, শিল্পের বিকাশে দক্ষ জনবল তৈরিতেও তাঁর আগ্রহ ছিল। কাচের নল থেকে অ্যাম্পুল তৈরির প্রযুক্তি ভারতীয় শিল্পে প্রবর্তন করেন এবং নিজেই প্রথমদিকের কর্মীদের প্রশিক্ষণ দেন। ১৯৪৩ সালের ভয়াবহ বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর প্রতিষ্ঠান বহু বাঙালি নারীকে কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল। কাচের অ্যাম্পুল তৈরি, ওষুধ ভরা, প্যাকেটজাতকরণ ও পরীক্ষাগারের কাজে তাঁদের দক্ষ করে তোলা হয়। অর্থাৎ চিকিৎসাবিজ্ঞান ও শিল্পায়নের পাশাপাশি নারীর কর্মসংস্থানেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
প্রাতিষ্ঠানিক ও পেশাগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। ১৯২৮ সাল থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন এবং এর বাংলা শাখার প্রথমদিকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্ডিয়ান কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। চাঁদপুর সম্মিলনীর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
যক্ষ্মা, কলেরা ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে তাঁর গবেষণা দেশি-বিদেশি চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন একাধারে চিকিৎসক, গবেষক, ওষুধ প্রস্তুতকারক এবং দক্ষ প্রযুক্তি-পরিকল্পনাবিদ।
ব্যক্তিজীবনে অত্যন্ত প্রচারবিমুখ ও মানবিক ছিলেন হেমেন্দ্রনাথ। অসহায় মানুষ ও বিপদগ্রস্ত প্রতিষ্ঠানকে নীরবে সাহায্য করতেন। তাঁর অনেক দান ও সহযোগিতার কথা নিজের স্ত্রীও সব সময় জানতেন না। জীবনের শেষ পর্যায়ে ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করেন। গীতা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত ও স্বামী বিবেকানন্দের রচনাবলি পাঠে সময় কাটাতেন।
১৯৬৫ সালের সেপ্টেম্বরে গবেষণার কাজে আবার প্যারিসে যাওয়ার সুযোগ পান। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেও দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। স্ত্রী আন্না তাঁকে দেশে ফিরিয়ে আনেন। কলকাতায় অচেতন অবস্থায় পৌঁছানোর পর ১৯৬৫ সালের ১২ ডিসেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন এই অসাধারণ চিকিৎসাবিজ্ঞানী।
হেমেন্দ্রনাথ ঘোষের জীবন আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞানচর্চা কেবল ব্যক্তিগত সাফল্য কিংবা ডিগ্রি অর্জনের বিষয় নয়; এর প্রকৃত সার্থকতা মানুষের জীবন রক্ষা, রোগের প্রতিকার এবং দেশের আত্মনির্ভরশীলতা অর্জনে অবদান রাখার মধ্যে।
ব্রিটিশ শাসিত ভারতে বিদেশি ওষুধ ও প্রযুক্তির ওপর নির্ভরশীলতার সময়ে তিনি দেশীয় গবেষণা ও উৎপাদনের যে সাহসী উদ্যোগ নিয়েছিলেন, তা পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও উদ্যোক্তাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। রবীন্দ্রনাথের সহযোগিতা, স্যার আশুতোষের পৃষ্ঠপোষকতা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অনুপ্রেরণা এবং স্ত্রী আন্নার নিরলস সহযোগিতা তাঁর জীবনকে সমৃদ্ধ করেছিল। কিন্তু সবকিছুর কেন্দ্রে ছিল তাঁর নিজের মেধা, অধ্যবসায় ও দেশপ্রেম।
আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মতো বিজ্ঞানসাধকের জীবন ও অবদান নতুন করে স্মরণ করা জরুরি। কারণ দেশকে ভালোবাসার একটি বড় উপায় হলো জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তোলা।
জন্ম: ১৬ নভেম্বর ১৮৯০
মৃত্যু: ১২ ডিসেম্বর ১৯৬৫
বাঙালির এই কৃতী চিকিৎসাবিজ্ঞানী ও ওষুধশিল্পের পথিকৃৎ হেমেন্দ্রনাথ ঘোষের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।


