খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না

চট্টগ্রামের রাউজানে একের পর এক হত্যাকাণ্ড, গোলাগুলি ও আধিপত্য বিস্তারের ঘটনার পাশাপাশি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চাঁদাবাজি। প্রবাসী, ব্যবসায়ী, বাড়ির মালিক, মাদ্রাসার অধ্যক্ষ থেকে শুরু করে সাধারণ বাসিন্দা—কেউই বাদ পড়ছেন না চাঁদাবাজদের হাত থেকে। নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে মিলছে প্রাণনাশের হুমকি। কোথাও কোথাও ঘটছে হামলা ও গুলিবর্ষণের ঘটনাও। এতে পুরো উপজেলাজুড়ে তৈরি হয়েছে ভীতি ও নিরাপত্তাহীনতা।

স্থানীয়দের অভিযোগ, বাড়ি নির্মাণ করতে গেলে, ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে কিংবা এলাকায় বসবাস করতেও চাঁদা দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট দিনে টাকা পরিশোধের চাপ রয়েছে। সময়মতো টাকা না দিলে ফোনে হুমকি, বাড়িঘরে হামলা এমনকি গুলি চালানোর ঘটনাও ঘটছে। ফলে দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনার উদ্যোগ নিয়েও অনেকে পিছিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে কাতারপ্রবাসী মো. ইলিয়াসকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ সরোয়ার ও এন এ বাবুলসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ এন এ বাবুলকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পরও এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্য কমেনি বলে দাবি স্থানীয়দের।

এরই মধ্যে চাঁদা না পেয়ে এক মাদ্রাসা অধ্যক্ষকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে, রাউজানের বাইরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে চাঁদাবাজির বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

২০ লাখ টাকা না পেয়ে বাড়িতে গুলি

সর্বশেষ গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় ভূমি ব্যবসায়ী মো. জাফরের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সম্প্রতি একই অঙ্কের টাকা চেয়ে আবারও ফোন করা হয়। কিন্তু দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

গুলি চালানোর পর ফোনে তাঁকে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

এ ঘটনায় ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদা আদায়ের জন্য বাড়িঘর লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মাদ্রাসা অধ্যক্ষকে হত্যার হুমকি

চাঁদা দাবির শিকার হয়েছেন মাওলানা ইলিয়াস নূরী। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি এবং রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে তাঁকে কল করে ‘পোলাপান চালানোর খরচের’ কথা বলে টাকা দাবি করা হয়। টাকা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

নিজের নিরাপত্তা চেয়ে ওই দিনই রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা।

মাওলানা ইলিয়াস নূরী গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি ২৬ হাজার ৬৯৬ ভোট পান। বিএনপির প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

হুমকির বিষয়ে ইলিয়াস নূরী জানান, গত বৃহস্পতিবার দুপুরে নামাজরত অবস্থায় তাঁর ফোনে একটি কল আসে। নামাজ শেষ করে একই নম্বর থেকে আবার ফোন করা হলে তিনি সেটি ধরেন। তখন অপর প্রান্ত থেকে বলা হয়, এলাকার কিছু ছেলেকে পরিচালনার জন্য তাঁকে চাঁদা দিতে হবে। টাকা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যা করা হবে।

তিনি জানান, নিজেকে একজন মাদ্রাসাশিক্ষক হিসেবে পরিচয় দিয়ে আর্থিক সামর্থ্য না থাকার কথা বললেও ফোনের অপর প্রান্তের ব্যক্তি তা মানতে চাননি। বরং তাঁর টাকা-পয়সা সম্পর্কে সবকিছু জানা আছে বলে দাবি করেন এবং যেকোনো মূল্যে টাকা দিতে হবে বলে জানান।

ইলিয়াস নূরীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবার ফোন করে জানতে চাওয়া হয়, তিনি চাঁদার টাকা পাঠিয়েছেন কি না। দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিয়ে আবারও হত্যার হুমকি দেওয়া হয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি তাঁকে বাঁচানোর জন্যই আবার যোগাযোগ করেছেন বলে দাবি করেন। পাশাপাশি রাউজানে অনেক মানুষকে হত্যার কথা উল্লেখ করে তাঁকেও গুলি করার হুমকি দেন।

একপর্যায়ে ইলিয়াস নূরী টাকা দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। তাঁর অভিযোগ, ফোনে চাঁদা দাবি করা ব্যক্তি রাউজানের একজন শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করেছিলেন।

জিডি করেও নিরাপত্তা পাননি প্রবাসী

গত ৮ নভেম্বর রাউজানের উরকিরচর ইউনিয়নের কাতারপ্রবাসী মো. ইলিয়াসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পাঁচ মাস আগে ছুটিতে দেশে আসা এই প্রবাসীর কাছে প্রায় এক মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ।

এ ঘটনায় একই ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা মোহাম্মদ সরোয়ার এবং এন এ বাবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।

প্রাণনাশের আশঙ্কায় প্রবাসী ইলিয়াস রাউজান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তবে জিডি করার পরও তাঁর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং অভিযোগটি যথাযথভাবে তদন্ত করা হয়নি বলে পরিবারের দাবি। পরে জিডির বিষয়ে সমঝোতার কথা বলে গত ৮ নভেম্বর তাঁকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর ওপর ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।

ইলিয়াসের স্ত্রী শাহনাজ বেগম জানান, তাঁর স্বামী প্রায় ৪৫ বছর ধরে প্রবাসে কর্মরত। পাঁচ মাস আগে কাতার থেকে ছুটিতে দেশে ফেরেন তিনি।

শাহনাজ বেগমের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সরোয়ার ও বাবুল তাঁদের বাড়িতে গিয়ে তাঁর স্বামীকে বলেন, দীর্ঘদিন বিদেশে থেকে অনেক টাকা উপার্জন করেছেন, এবার তাঁদেরও কিছু দিতে হবে। দেশে থাকতে হলে ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানানো হয়। তাঁর স্বামী এ প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তী সময়ে কয়েক দফায় টাকা দাবি এবং হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, স্বামীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। সর্বশেষ সমঝোতার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁর স্বামীর ওপর হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও এখনো পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

বাড়ি নির্মাণেও দিতে হচ্ছে চাঁদা

রাউজানে চাঁদাবাজির শিকার হচ্ছেন শুধু প্রবাসী কিংবা রাজনৈতিক ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিরা নন। সাধারণ বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী ও বাড়ির মালিকদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া আবাসিক এলাকার এক বাসিন্দা জানান, তাঁদের এলাকায় প্রতি মাসে চাঁদা দেওয়ার একটি অলিখিত নিয়ম তৈরি হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ বিলের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদার টাকাও পরিশোধ করতে হয়। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা দিতে বলা হয়। কেউ টাকা দিতে দেরি করলে কিংবা অপারগতা প্রকাশ করলে গুলি চালানোর হুমকিসহ বিভিন্ন ধরনের নির্যাতনের মুখে পড়তে হয়।

একই এলাকার বাসিন্দা নুরুল আমিনের অভিজ্ঞতাও উদ্বেগজনক। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে তিনি একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। এরই মধ্যে বাড়ির প্রথম তলার নির্মাণকাজ শেষ হয়। কিন্তু নির্মাণের একপর্যায়ে তাঁকে সাত লাখ টাকা চাঁদা দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরও নতুন করে টাকা দাবি করা হচ্ছে।

এ অবস্থায় বাধ্য হয়ে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন নুরুল আমিন। নিজের অর্থে বাড়ি নির্মাণ করতে গিয়েও সন্ত্রাসীদের চাঁদার মুখে পড়তে হওয়ায় তিনি চরম হতাশায় রয়েছেন।

বিদেশে পলাতক সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ফজল হকের নাম ব্যবহার করে একটি চক্র রাউজানের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালাচ্ছে। উপজেলার পাহাড়তলী, নোয়াপাড়া, বাগোয়ান, কদলপুর ও উরকিরচরসহ একাধিক এলাকায় এই চক্রের তৎপরতার অভিযোগ রয়েছে।

বাড়ি নির্মাণ, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা কিংবা বাজারে দোকান চালানোর ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কারও কাছ থেকে এককালীন বড় অঙ্কের অর্থ নেওয়া হচ্ছে, আবার কোথাও নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে কিংবা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ভয় দেখানোর জন্য গুলিবর্ষণ ও হামলার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ধরনের কর্মকাণ্ডের কারণে রাউজানের ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবনও প্রভাবিত হচ্ছে। বিশেষ করে প্রবাসীরা দেশে ফিরে পরিবার নিয়ে বসবাস করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়ছেন। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ করতে চাওয়া মানুষও চাঁদাবাজির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

দুই বছরে ২৭ হত্যাকাণ্ড, আতঙ্ক কাটছে না

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাউজানে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই বছরে উপজেলায় ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অন্তত ২২টি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারের বিষয় জড়িত বলে জানা গেছে।

২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে ওই সময়ের হত্যাকাণ্ডের ধারাবাহিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক বিরোধ, এলাকায় প্রভাব বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাতে যুবদলকর্মী মোহাম্মদ কর্মী খুন হন।

এ ছাড়া বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও দখল-বেদখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে উপজেলায় একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে।

চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনাগুলো সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করার পরও যদি ভুক্তভোগীরা নিরাপত্তা না পান, তাহলে অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে মানুষের আস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশের বক্তব্য

চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও অন্যান্য অপরাধের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চাঁদা দাবি কিংবা এ ধরনের যেকোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস নয়, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যাঁরা আগে থেকেই হুমকির মুখে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

রাউজানের সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ কখন তাঁদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে নিরাপদ বোধ করবেন। একের পর এক হত্যাকাণ্ডের পর চাঁদাবাজির বিস্তার নতুন করে প্রমাণ করছে, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের প্রয়োজনীয়তা এখন আরও বেশি। থানায় অভিযোগ করার পরও যেন কাউকে হামলা বা প্রাণনাশের ঝুঁকিতে পড়তে না হয়, সেটিই এখন স্থানীয় বাসিন্দাদের প্রধান দাবি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।