টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সময়ে শিল্পাঞ্চলে ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা ১৫টি মামলায় মোট ৮০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। তিনি জানান, গত ৮ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জিএমপির বিভিন্ন থানায় ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই ১৫টি মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে এসব মামলায় এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন জিএমপি কমিশনার। তিনি জানান, বুধবার শ্রমিকদের মিছিলের সঙ্গে মিশে পুলিশের একটি জিপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাঁদের কাছ থেকে পেট্রল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক ব্যক্তিদের একজন কার্যক্রম নিষিদ্ধ বাসন থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকারবিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান কেন্দ্র গাজীপুরে টানা অস্থিরতায় উৎপাদন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর বাইরে আরও ১০টি কারখানায় কেবল বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানায় ভাঙচুর রোধ, শ্রমিক অসন্তোষ সামাল দেওয়া এবং জানমাল ও মূল্যবান যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতেই মালিকপক্ষ শ্রম আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টার দিকে পরিস্থিতি বদলে যায়। শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। এর আগে সকালে শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা হাতে লাঠিসোঁটা নিয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার না করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর শ্রমিকেরা আশপাশের পৃথক কয়েকটি স্থানে জড়ো হয়ে পুনরায় অবরোধের চেষ্টা চালিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় তাঁরা বেশিক্ষণ টিকতে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।


