রাজধানীর উত্তরা ক্লাবে বসতে যাচ্ছে সুরের এক বিশেষ আসর। ‘তোমায় গান শোনাবো’ শিরোনামের এই সংগীতানুষ্ঠানে এক মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ছয় কণ্ঠশিল্পী। ১৯ নভেম্বর সন্ধ্যায় ক্লাবের টেনিস কোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে গাইবেন আঁখি আলমগীর, দিঠি আনোয়ার, সাব্বির জামান, রাজীব, প্রিয়াঙ্কা বিশ্বাস ও ঝিলিক।
পুরো আয়োজনটির সংগীত পরিচালনায় থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন ইমরুল আনোয়ার লিটন। রেডিয়েন্ট কেয়ারের পৃষ্ঠপোষকতায় সাজানো হয়েছে এই বিশেষ সংগীতসন্ধ্যা।
এবারের আয়োজনের মূল আকর্ষণ বাংলাদেশের চলচ্চিত্রের চার দশকের কালজয়ী সব গান। ঢাকাই সিনেমার সোনালি সময়ের এসব গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। পুরোনো দিনের সেই নস্টালজিয়া আর চিরসবুজ সুরগুলোকে নতুন আঙ্গিকে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শওকত আলী ইমনের মতো অভিজ্ঞ সংগীত পরিচালকের তত্ত্বাবধানে লাইভ যন্ত্রানুষঙ্গে গানগুলো পরিবেশিত হওয়ায় পুরো আসরে তৈরি হবে ভিন্ন এক আবহ।
আঁখি আলমগীর ও দিঠি আনোয়ারের মতো অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি সাব্বির জামান, রাজীব, প্রিয়াঙ্কা বিশ্বাস ও ঝিলিক—প্রত্যেকেই দেশের আধুনিক ও চলচ্চিত্রের গানে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। মঞ্চ পরিবেশনায় তাঁদের সাবলীল উপস্থিতি এবং সুরেলা গায়কি সব সময়ই দর্শকদের মুগ্ধ করে। ফলে একই মঞ্চে এই ছয় শিল্পীর পরিবেশনা সংগীতানুরাগীদের জন্য বাড়তি পাওনা হয়ে উঠবে।
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও ত্রুটিমুক্ত করতে শিল্পীরা আগে থেকেই একসঙ্গে মহড়ায় অংশ নিয়েছেন। ভিন্ন ভিন্ন গায়কির ছয়জন প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে একক ও দ্বৈত পরিবেশনা সন্ধ্যাটিকে আরও উপভোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিল্পীরা। এক যৌথ বার্তায় তাঁরা জানান, বাংলা চলচ্চিত্রের চার দশকের স্মরণীয় কিছু গানের মাধ্যমে তাঁরা দর্শকদের ফেলে আসা দিনের মধুর স্মৃতিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যাটিকে আরও জমজমাট করে তুলতে সবাই মিলে একসঙ্গে মহড়াও করেছেন। আয়োজকদের এই প্রচেষ্টায় এটি একটি মনে রাখার মতো সংগীতসন্ধ্যায় পরিণত হবে বলে তাঁরা আশাবাদী।
আয়োজনের নেপথ্যে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শিল্পীরা। তাঁরা বলেন, পুরো অনুষ্ঠানটি যিনি পরিকল্পনা ও ব্যবস্থাপনা করেছেন, সেই ইমরুল আনোয়ার লিটন আঙ্কেলসহ নেপথ্যে কাজ করা সবার প্রতি তাঁরা বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের সিনেমার চার দশকের গান বাছাই করে নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপনের এই উদ্যোগ তাঁদের দারুণ আনন্দিত করেছে। বাংলা চলচ্চিত্রের গানের প্রতি আয়োজকদের এমন ভালোবাসা সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে শিল্পীরা জানান, মঞ্চে তাঁরা নিজেদের সেরাটা উজাড় করে দেবেন।
দীর্ঘ বিরতির পর উত্তরা ক্লাবের কোনো অনুষ্ঠানে একসঙ্গে এতজন জনপ্রিয় সংগীতশিল্পীর মিলনমেলা ঘটতে যাচ্ছে। নাগরিক ব্যস্ততার মাঝে সুস্থ বিনোদন ও চলচ্চিত্রের ঐতিহ্যবাহী গানের এই আসর ঘিরে ক্লাব সদস্য ও সংগীতপ্রেমীদের মাঝে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি শিল্পীরাও মুখিয়ে আছেন দর্শকদের সামনে গান শোনানোর অপেক্ষায়।


