এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম। হুমকির উৎস শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তাগুলো এসেছে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে, যা একটি বিদেশি নম্বর বলে জানা গেছে।
হুমকির বার্তায় বাংলা ও ইংরেজি—দুই ভাষাই ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে পাঠানো একটি বার্তায় বলা হয়, ‘We are worry about your family’—অর্থাৎ, ‘আমরা তোমার পরিবার নিয়ে উদ্বিগ্ন।’ আরেকটি বার্তায় সতর্ক করে বলা হয়, ‘If u keep on doing what you did we will take action very soon’, যার অর্থ, ‘তুমি যা করে যাচ্ছ, তা চালিয়ে গেলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
বাংলায় পাঠানো বার্তাগুলোতে আরও সরাসরি ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। একটি বার্তায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো।’ পাশাপাশি বলা হয়, আজকের পর থেকে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভোগ করতে হবে।
ওসিকে উদ্দেশ করে অন্য একটি বার্তায় বলা হয়, তিনি নিজের জীবন, পরিবার এবং জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা বিবেচনা করে যেন গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকেন। অন্যথায় তাঁকে রেহাই দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
সবশেষে পাঠানো একটি বার্তায় লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’ এসব বার্তার মাধ্যমে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪। হুমকির বিষয়টি নথিভুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে তাঁকে হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে হুমকিদাতার পরিচয় কিংবা বার্তা পাঠানোর উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের সময় এ ধরনের হুমকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করে। তবে হুমকির মুখেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি।
প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলার আসামি আটক এবং দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম। তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এসব পুরস্কারের মধ্যেই এবার প্রাণনাশের হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


