”গোটা গ্রাম জ্বলছে। আগুন ছড়িয়ে পড়েছে ঘরের চালে। নীপা অস্ত্রগুলো উদ্ধারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আবার ঘরে ঢোকেন। গ্রেনেড আর অস্ত্রের ব্যাগ নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে ঘরের চাল থেকে দরজার বেড়ায়। কামানের গর্জনে চারদিক প্রকম্পিত। ধোঁয়ায় অন্ধকার চারপাশ। মাঝেমধ্যে আগুনের লেলিহান শিখা। একসময় ঘরের চাল ভেঙে পড়ে।
নীপা অস্ত্রের সম্ভার নিয়ে বাইরে এসে দাঁড়ান। কিন্তু কখন যে আগুনের স্ফুলিঙ্গ তাঁর শরীরের পোশাকে লেগেছে, তা বুঝতে পারেননি।”
এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, কোনো কল্পকাহিনির বর্ণনাও নয়। এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এক অসীম সাহসী তরুণীর আত্মত্যাগের ইতিহাস। তাঁর নাম নীপা লাহিড়ী।
১৯৭১ সালে নীপা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস শিক্ষার্থী। চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু দেশের মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, গণহত্যা ও নির্যাতন তাঁকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।
১৯৫৩ সালের ১৭ মে জন্মগ্রহণ করেন নীপা লাহিড়ী। তাঁদের আদি পিতৃভূমি পাবনা। ডাকনাম ছিল ‘বুবলা’। বাবা অধ্যক্ষ শিবপ্রসন্ন লাহিড়ী ছিলেন বাংলা ভাষার অভিধানপ্রণেতা এবং একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ। মা অধ্যাপিকা রমা লাহিড়ী ছিলেন বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্বের গবেষক। ছোট বোন নীরা লাহিড়ী পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম নারী রেডিওলজিস্ট হিসেবে পরিচিতি লাভ করেন।
এমন একটি বিদ্বৎ, সংস্কৃতিমনা ও প্রগতিশীল পরিবারে বেড়ে ওঠা নীপা ছোটবেলা থেকেই ছিলেন রাজনীতি সচেতন, সাহসী ও মানবিক চেতনায় উজ্জীবিত। ছাত্রজীবনে বামপন্থী প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। রংপুরের কারমাইকেল কলেজে পড়ার সময় পল্লী ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে রাজশাহী কলেজে পড়াশোনা করেন। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহার আত্মদান এবং এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম তাঁর মনোজগতে গভীর প্রভাব ফেলেছিল।
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। অর্থ ও কাপড় সংগ্রহ করে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। মানুষের সেবা করার আকাঙ্ক্ষা থেকেই চিকিৎসাশাস্ত্রে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ তাঁর জীবনের গতিপথ বদলে দেয়।
২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর নীপা আর ঘরে বসে থাকতে পারেননি। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাসংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি আহত মুক্তিযোদ্ধাদের সেবার জন্য ব্যান্ডেজ করা, স্যালাইন দেওয়া, ইনজেকশন, সেলাই ও প্রাথমিক চিকিৎসার কাজ শিখেছিলেন। ডা. রুহুল হক, ডা. কাশেম ও ডা. আলীম চৌধুরীর কাছ থেকেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়েছিলেন।
পরবর্তী সময়ে ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখানে শুধু চিকিৎসাসেবাই নয়, গেরিলা যুদ্ধের কৌশলও আয়ত্ত করেন। দৌড়, হামাগুড়ি, অতর্কিত আক্রমণ, গ্রেনেড নিক্ষেপ, মাইন পুঁতে রাখা এবং এলএমজি চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাঁকে পূবাইল ও কালীগঞ্জ অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দায়িত্ব দেওয়া হয়।
দেশে ফিরে কালীগঞ্জের লুদুরিয়া এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে অবস্থান নেন। স্থানীয় মুক্তিকামী মানুষের সহযোগিতায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা অভিযান পরিচালনা করেন। লুদুরিয়া মিশনে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র গড়ে তোলেন। আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের চিকিৎসা করতেন। এমনকি গির্জার বেদির নিচে মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছিল।
একজন মেডিকেল শিক্ষার্থী হয়েও তিনি ছিলেন একই সঙ্গে চিকিৎসাসেবী, প্রশিক্ষক, সংগঠক এবং সম্মুখযুদ্ধের সাহসী যোদ্ধা। তাঁর নেতৃত্ব ও সাহসিকতায় স্থানীয় তরুণেরাও মুক্তিযুদ্ধে সংগঠিত হয়ে ওঠেন।
১৯৭১ সালের ২২ নভেম্বর। কালীগঞ্জের তুমুলিয়া ও বোয়ালী সেতু এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর তীব্র সম্মুখযুদ্ধ শুরু হয়। আকাশপথে আক্রমণ, কামানের গোলাবর্ষণ এবং চারদিক থেকে শত্রুসেনার ঘেরাওয়ের মধ্যে মুক্তিযোদ্ধারা অসম সাহসে প্রতিরোধ গড়ে তোলেন।
নীপাও সহযোদ্ধাদের নিয়ে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। একপর্যায়ে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের জন্য আগুনে ঘেরা ঘরে প্রবেশ করেন। সেখান থেকে অস্ত্র ও গ্রেনেডের ব্যাগ নিয়ে বেরিয়ে এসে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। একে একে ছয়টি গ্রেনেডের ক্লিপ খুলে শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করেন। এ সময় তাঁর পোশাকে আগুন ধরে যায়। আগুনের মধ্যেই তিনি নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে চেষ্টা করেন। কিন্তু হানাদার বাহিনীর একটি গুলি তাঁর বুকে বিদ্ধ হয়।
মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন এই অকুতোভয় তরুণী।
তাঁর মরদেহ সহযোদ্ধারা শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হন। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে তাঁকে যথাযথভাবে সৎকার করার সুযোগও হয়নি। তাঁর মরদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি।
নীপার মৃত্যুর মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন ভেঙে গিয়েছিল। মা-বাবা হারিয়েছিলেন তাঁদের কন্যাকে, ছোট বোন হারিয়েছিলেন তাঁর প্রিয় দিদিকে। কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করেছিলেন ছোট বোন নীরা লাহিড়ী। বড় বোনের অসমাপ্ত স্বপ্ন ও মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি চিকিৎসক হন। পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম নারী রেডিওলজিস্ট হিসেবে পরিচিতি অর্জন করেন। শহীদ বোনের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নীরা লাহিড়ী ‘নীপা’ ও ‘মুক্তিযোদ্ধা নীপা’ গ্রন্থও রচনা করেন।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এত বড় আত্মত্যাগের পরও শহীদ নীপা লাহিড়ী রাষ্ট্রীয়ভাবে তাঁর প্রাপ্য স্বীকৃতি ও সম্মান পাননি। মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান আজও অনেকাংশে অনুল্লিখিত। তাঁর নামে নেই যথাযথ স্মৃতিচিহ্ন, নেই প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা। ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রী হয়েও যিনি সরাসরি অস্ত্র হাতে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁর জীবন ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা আমাদের জাতীয় দায়িত্ব।
মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল বিজয়ের ইতিহাস নয়; এটি অগণিত মানুষের আত্মত্যাগ, সাহস, স্বপ্ন ও ভালোবাসার ইতিহাস। সেই ইতিহাসে নীপা লাহিড়ীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা।
যে বয়সে একজন তরুণীর স্বপ্ন থাকে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার, সেই বয়সে নীপা বেছে নিয়েছিলেন একটি স্বাধীন দেশের ভবিষ্যৎ নির্মাণের পথ। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। নিজের জীবনের চেয়েও বড় করে দেখেছিলেন মাতৃভূমির স্বাধীনতাকে।
আমরা স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করতে চলেছি। অথচ আমাদের অনেক বীর নারী মুক্তিযোদ্ধার আত্মত্যাগ এখনো বিস্মৃতির আড়ালে। শহীদ নীপা লাহিড়ী তাঁদেরই একজন।
রাষ্ট্রের কাছে দাবি, শহীদ নীপা লাহিড়ীর মুক্তিযুদ্ধের অবদান যথাযথভাবে রাষ্ট্রীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করা হোক। তাঁর আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হোক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর বীরত্বের কাহিনি পৌঁছে দেওয়া হোক।
শহীদ নীপা লাহিড়ী, আপনি শুধু একটি পরিবারের গর্ব নন, আপনি বাংলাদেশের গর্ব। আপনার রক্তে অর্জিত স্বাধীনতার ইতিহাসে আপনার নাম কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়।
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের এই অকুতোভয় অগ্নিকন্যার ৫৫তম শাহাদাতবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা।
আপনার আত্মত্যাগ অমর হোক।
বাংলাদেশের ইতিহাসে আপনার নাম চিরজাগরূক থাকুক।


