ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য ও সুবিধাজনক পথ নির্ধারণে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতা তৎপরতা শুরু করেছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেন তাঁরা। সীমান্ত পর্যবেক্ষণের পাশাপাশি পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে একটি রুদ্ধদ্বার বৈঠকও করেন ওই চার নেতা।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সীমান্ত পরিদর্শনে অংশ নেওয়া নেতারা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করেন এই চার নেতা। দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে চার নেতা অবস্থান করছিলেন। ইমিগ্রেশন দপ্তরের ভেতরে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে পুনরায় কলকাতার উদ্দেশে রওনা হন তাঁরা। সীমান্ত এলাকায় প্রবেশ এবং প্রস্থানের পুরো সময়জুড়েই গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা ছিল নেতাদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে কেবল একটি সীমান্ত রুটের ওপর নির্ভর করতে চাইছেন না দলটির নেতারা। ঝুঁকি এড়াতে বিকল্প একাধিক পথ খোলা রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা। এই কৌশলের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও সরেজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে আরও জানানো হয়, আগামী মঙ্গলবার ওই চার নেতার ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন বুধবার তাঁরা রাজ্যের আগরতলাস্থ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে শুরু করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো সড়কপথ ও সীমান্ত অবকাঠামো পর্যবেক্ষণ করবেন। স্থলপথে প্রবেশের ক্ষেত্রে কোন সীমান্তটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর হবে, তা যাচাই করাই এই সফরের মূল লক্ষ্য।
সীমান্ত পরিদর্শনের পাশাপাশি শেখ হাসিনার ভ্রমণসংক্রান্ত নথিপত্র নিয়েও কূটনৈতিক পর্যায়ে তৎপরতার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ ও এই সময়। সংবাদমাধ্যম দুটির প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জানতে চেয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ওই অনুরোধ পাঠানোর পর ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর এসব প্রতিবেদনে সীমান্ত পর্যবেক্ষণ ও কূটনৈতিক যোগাযোগের তথ্য উঠে এলেও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শেখ হাসিনা ঠিক কবে এবং কোন পথে দেশে ফিরবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণও দলের তরফ থেকে প্রকাশ করা হয়নি।



