যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগত প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশাল বিনিয়োগ করেছিল চীন। বিশেষ করে ডিপসিকের সাফল্যের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে চীনের এআই সক্ষমতা। ধারণা তৈরি হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে বেইজিং।
কিন্তু সেই সম্ভাবনাকে ঘিরে চীনের শেয়ারবাজারে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে এখন বড় ধরনের ধস নেমেছে। মাত্র পাঁচ মাসে দেশটির তিনটি প্রধান প্রযুক্তি সূচকের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য কমেছে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৮ লাখ কোটি টাকার সমান।
ব্লুমবার্গের ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনের শেষ থেকে এই দরপতন শুরু হয়। বছরের প্রথমার্ধে কয়েকটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও দ্বিতীয়ার্ধে সেই উত্থানের বড় অংশই হারিয়ে গেছে।
সবচেয়ে বড় ধাক্কা লেগেছে হংকংয়ের হ্যাং সেং টেক সূচকে। আলিবাবা ও টেনসেন্টের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে এই সূচকে। সূচকটি নেমে গেছে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। অন্যদিকে প্রযুক্তি হার্ডওয়্যারনির্ভর চিনেক্সট সূচক বছরের হিসাবে ৩১ শতাংশ এবং সাংহাইয়ের স্টার ৫০ সূচকও তাদের আগের উত্থানের বড় অংশ হারিয়েছে। তিনটি সূচকই এখন বছরজুড়ে লোকসানে।
এই দরপতনের পেছনে কয়েকটি কারণ কাজ করছে।
প্রথমত, এআই কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বাস্তব ব্যবসায়িক আয় ও মুনাফার তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এআই প্রযুক্তি তৈরি ও পরিচালনায় বিপুল ব্যয় এবং বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত আয় না আসার বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে।
তৃতীয়ত, চীনের এআই অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণ।
ওয়াশিংটনের প্রস্তাবিত নতুন বিধিনিষেধ কার্যকর হলে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করেও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত এআই প্রসেসর ভাড়া নিতে পারবে না। ফলে অত্যাধুনিক এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা অর্জন আরও কঠিন হয়ে পড়তে পারে।
এর প্রভাব ইতোমধ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বক্তব্যেও উঠে এসেছে। চিপ সংকটের কারণে টেনসেন্টের পরবর্তী প্রজন্মের এইচওয়াই৪ মডেল প্রকাশে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আলিবাবা আগামী বছর তাদের ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি ৩০ থেকে ৪৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। ২০২৮ সালে আবার প্রবৃদ্ধি ৫০ শতাংশ ছাড়ানোর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
আরও উদ্বেগজনক বিষয় হলো, এআই মডেলের সক্ষমতার প্রতিযোগিতাতেও চীনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। ব্লুমবার্গের প্রতিবেদনে আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের এআই মডেল সূচকের বরাতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ১০টি মডেলের তালিকায় কোনো চীনা মডেল নেই। অথচ মাত্র চার মাস আগেও মুনশট এআইয়ের কিমি কে৩ মডেল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল।
তবে এই পরিস্থিতিতে চীনের জন্য নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দেশীয় চিপের চাহিদা বাড়তে পারে। এতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন বা এসএমআইসির মতো চীনা চিপ নির্মাতারা লাভবান হওয়ার সুযোগ পাবে।
অর্থাৎ, চীনের এআই সক্ষমতা গড়ে তোলার লড়াই এখন আরও বেশি নির্ভর করছে নিজস্ব সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার ওপর।
সব মিলিয়ে, চীনের এআই বিপ্লব শেষ হয়ে গেছে—এমনটা বলার সুযোগ নেই। তবে এই ধস একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, প্রযুক্তিগত সক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা থাকলেই বাজারে সাফল্য নিশ্চিত হয় না। এআই প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনের পাশাপাশি প্রয়োজন উন্নত চিপ, পর্যাপ্ত কম্পিউটিং সক্ষমতা এবং বিনিয়োগের বিপরীতে বাস্তব আয় নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ে চীন এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি।


