আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাহিনীর সদস্যরা।
সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগম হতে পারে এমন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের আওতায় সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা, নাশকতা কিংবা জনজীবন বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সক্রিয় রয়েছে। এই সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যায় এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা সম্ভব হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


