ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়া নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নামও উঠে আসে। তবে দলে ফেরার যাবতীয় জল্পনা নাকচ করে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলোচিত এই রাজনীতিবিদ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যাচাইকৃত পাতায় দেওয়া এক বার্তায় রুমিন ফারহানা জানান, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি। সাম্প্রতিক গুঞ্জনের জবাবে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে রুমিন ফারহানা আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’ তার এই স্পষ্ট বক্তব্যের পর স্বতন্ত্র সংসদ সদস্যদের দলীয় রাজনীতিতে ফেরা নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হলো।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার আগপর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৫০ থেকে বিএনপির প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দলীয় নির্দেশনার প্রতি আনুগত্য দেখিয়ে ২০২২ সালের ডিসেম্বরে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগও করেছিলেন।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে বিএনপির প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় নেতৃত্ব। যার ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকেও দল থেকে বহিষ্কার করা হয়।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে স্বতন্ত্র হিসেবে লড়া ওই নেতাদের মধ্যে সাতজন বিজয়ী হন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় ছিনিয়ে নেন রুমিন ফারহানা। অন্যদিকে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ার অভিযোগে সারা দেশে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। সাম্প্রতিক সময়ে দলটির নীতিনির্ধারক পর্যায়ে বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হলে তৃণমূলের ওই নেতাকর্মীদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন। কিন্তু নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানা আপাতত ভিন্ন পথেই হাঁটছেন।


