এক বছরে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ব্যাংকমুখী হচ্ছেন গ্রাহক

দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। আর্থিক খাতে সংস্কার, দুর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি সামাল দেওয়া এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের মধ্যে আমানত বৃদ্ধির এই প্রবণতাকে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা, যা ১২ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

শুধু বার্ষিক হিসাবেই নয়, মাসিক ভিত্তিতেও আমানত বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। চলতি বছরের আগস্ট শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক মাসে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যায় পড়া কয়েকটি ব্যাংকও আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এসব পদক্ষেপ গ্রাহকদের মধ্যে আস্থা পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও চলছে।

খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, করপোরেট সুশাসন শক্তিশালী করা এবং ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব সংস্কারের মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রয়েছে।

আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি তুলনামূলক কম

ব্যাংক খাতে আমানত বৃদ্ধির বিপরীতে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি তুলনামূলক ধীর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্ট শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা।

এক মাসের ব্যবধানে ঋণ ও অগ্রিমের পরিমাণ কিছুটা কমলেও এক বছরের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অর্থাৎ, ব্যাংকগুলো আমানত সংগ্রহে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও ঋণ বিতরণে এখনো সতর্কতা অবলম্বন করছে।

অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক বছরে এসব বিনিয়োগ ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে গত সেপ্টেম্বর শেষে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আর্থিক খাতের অনিশ্চয়তা, ঋণ আদায়ের চ্যালেঞ্জ এবং খেলাপি ঋণের উচ্চমাত্রার কারণে ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণের ক্ষেত্রে তুলনামূলক সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে আমানতের প্রবৃদ্ধি এবং ঋণ বিতরণের প্রবৃদ্ধির মধ্যে ব্যবধান তৈরি হয়েছে।

তুলনামূলক ভালো ব্যাংকগুলোতে আমানত বাড়ছে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে আর্থিক ভিত্তি শক্তিশালী, সুশাসন ভালো এবং গ্রাহকসেবায় তুলনামূলক স্থিতিশীল ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আগ্রহ বাড়ছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ।

চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকা হয়েছে।

সিটি ব্যাংকেও আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ, নয় মাসে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ।

ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের আমানত বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা।

আমানতকারীরা এখন ব্যাংক বাছাইয়ে বেশি সতর্ক

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ।

তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র একরকম নয়। আমানতকারীরা এখন ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং অর্থ ফেরত দেওয়ার সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তুলনামূলক শক্তিশালী ব্যাংকগুলোর প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তার ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই প্রবণতার প্রতিফলন। তবে ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি প্রয়োজন।

ব্যাংক খাতের পুনরুদ্ধার কতটা কার্যকর হচ্ছে, তা নির্ধারণে আমানত বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং সেবা কতটা নির্বিঘ্ন হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। আমানতকারীরা প্রয়োজনের সময় টাকা তুলতে পারছেন কি না, মেয়াদি আমানত যথাসময়ে ফেরত পাচ্ছেন কি না, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রয়েছে কি না—এসব বিষয় আস্থার বাস্তব পরীক্ষা।

বিশেষ করে আর্থিক সংকটে পড়া ব্যাংকগুলোর গ্রাহকদের কাছে এসব সেবা স্বাভাবিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে কয়েকটি ব্যাংকে তারল্যসংকটের কারণে গ্রাহকদের টাকা উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছিল।

সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে কিছু ব্যাংক

এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম চালু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী মনে করেন, ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়।

তার মতে, করপোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এসব পদক্ষেপ ছাড়া ব্যাংক খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন।

চলমান সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার কার্যক্রমের মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার প্রকৃত চিত্র সামনে আসবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা ধরে রাখার পাশাপাশি ঋণপ্রবাহ উৎপাদনশীল খাতে বাড়ানো গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। শিল্প সম্প্রসারণ, ব্যবসায়িক কার্যক্রম, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকগুলোর ভূমিকা আরও শক্তিশালী হতে পারে।

তবে শুধু আমানত বাড়লেই ব্যাংক খাতের সংকট পুরোপুরি কাটবে না। সংগৃহীত অর্থের নিরাপদ ব্যবহার, ঋণ আদায়, আর্থিক অনিয়ম প্রতিরোধ এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই হবে পুনরুদ্ধারের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা স্থায়ী করতে আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।