মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ও কলেজছাত্রী

অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট জেলা কারাগারের এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দা থেকে তাদের আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।
আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। আটক ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে সোমবার ওই ছাত্রী নওগাঁ থেকে জয়পুরহাটে এসে ওয়াজেদ আলীর সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে নিজের নির্ধারিত দায়িত্ব পালন করেন ওয়াজেদ আলী। তবে দায়িত্ব শেষ হওয়ার পর কারাগারের ব্যারাকে না ফিরে তিনি গভীর রাতে ওই কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
গভীর রাতে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় তাদের গতিবিধি ও আচরণ দেখে ওয়ার্ডে থাকা রোগীর স্বজনদের সন্দেহ হয়। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতালের দায়িত্বরত কর্মীরা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে দুজন নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে আটক করে জয়পুরহাট থানায় খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট থানায় গিয়ে দেখা যায়, আটক কারারক্ষী ওয়াজেদ আলীকে থানার হাজতখানায় রাখা হয়েছে। অন্যদিকে, ওই কলেজছাত্রীকে রাখা হয়েছে থানার নারী ও শিশু সহায়তা কক্ষে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ওই কলেজছাত্রী জানান, রাতে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন এবং পরে পুলিশ এসে থানায় নিয়ে আসে। ওয়াজেদ আলী বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে—এ বিষয়টি তিনি আগে থেকেই জানতেন বলে স্বীকার করেন। তবে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদ আলীর চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না এবং এ ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানান।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি ওই কলেজছাত্রীর পরিবারকে জানানো হয়েছে এবং তাদের থানায় আসতে বলা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানান, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্বে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে থানার পুলিশের মাধ্যমে কারা কর্তৃপক্ষ তার আটকের বিষয়টি জানতে পারে। একজন দায়িত্বশীল কারারক্ষীর এমন কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।