শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রতিবেশী তরুণের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে প্রতিবেশী এক তরুণকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম সুমন হাওলাদার (২৪)। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন হাওলাদার কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের আদেশের পরপরই তাকে পুলিশি পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সুমন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।

মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন ও আদালতের নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, ভুক্তভোগী ১১ বছর বয়সী শিশুটি স্থানীয় চণ্ডীদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুমন হাওলাদারের সঙ্গে শিশুটির পরিবারের পূর্বপরিচয় ছিল। প্রতিবেশীসুলভ সেই সম্পর্কের সুযোগ নিয়ে সুমন প্রায়ই বিভিন্ন অজুহাতে ওই বাড়িতে যাতায়াত করতেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ জুন বিকেল আনুমানিক সোয়া পাঁচটার দিকে শিশুটির মা জরুরি প্রয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সে সময় বাড়িতে শিশুটি একা ছিল। ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে সুমন হাওলাদার তাদের বসতঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি শিশুটির মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে তার দুই হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালান।

ঘটনার আকস্মিকতায় শিশুটি কান্নাকাটি শুরু করলে ঠিক সেই মুহূর্তে তার মা বাড়ি ফিরে আসেন। মেয়ের কান্নার শব্দ শুনে তিনি দ্রুত ঘরের বারান্দায় গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সুমন ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে শিশুটির মা তাকে খাটের নিচ থেকে বেরিয়ে আসতে বললে সুমন দ্রুত ঘর থেকে দৌড়ে পালিয়ে যান।

এই ন্যক্কারজনক ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর জবানবন্দি এবং পারিপার্শ্বিক আলামত যাচাই-বাছাই শেষে সুমন হাওলাদারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক এই দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১১ বছরের নিষ্পাপ এক শিশুকে ধর্ষণচেষ্টার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সুমন হাওলাদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।