রাজধানী ঢাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির পাশাপাশি উদ্বেগজনকভাবে বেড়েছে সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতা। দিন কিংবা রাত, এমনকি গভীর ভোরেও ঘটছে চুরির ঘটনা। ব্যবসাপ্রতিষ্ঠানের তালা কেটে নগদ টাকা লুট, বাসাবাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি কিংবা ভাড়াটিয়া সেজে ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে নিয়মিত। চোরদের হাত থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানও। রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব ঘটনায় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় কয়েকটি চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত তৎপরতার চিত্র সামনে এসেছে। গত ১৭ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে একটি প্রাইভেটকার নিয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডে আসে চোর চক্রের কয়েকজন সদস্য। গাড়ি থেকে বড় কাটার বের করে একে একে ছয়টি তালা কেটে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তারা। এরপর মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রতিষ্ঠানটির এক ভুক্তভোগী জানান, দোকানে ৫০ ও ১০০ টাকার বেশ কয়েকটি বান্ডেল রাখা ছিল। চুরির পর হিসাব করে দেখা যায়, সেখান থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশ্চর্যের বিষয়, নগদ টাকা ছাড়া অন্য কোনো জিনিসপত্রে হাত দেয়নি তারা। ভুক্তভোগীর ধারণা, দিনের বেলায় ক্রেতা বা সাধারণ মানুষের ছদ্মবেশে দোকানে এসে আগে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিল চক্রটির সদস্যরা। পরে সুযোগ বুঝে পরিকল্পনা অনুযায়ী চুরি করে।
একই চক্রের সদস্যরা ওই এলাকার কাছাকাছি অবস্থিত সুনিতি নামের একটি মিষ্টির দোকানেও চুরি করে। সেখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা। পাশাপাশি একটি বাক্সে রাখা মিষ্টিও চুরি করে। দোকানটির মালিক জানান, তিনটি তালা কাটতে এবং ভেতরে প্রবেশ করতে চোরদের সময় লেগেছিল মাত্র এক থেকে দুই মিনিট। এত অল্প সময়ে এভাবে দোকানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে চুরির ঘটনা ঘটতে পারে, তা তাদের ধারণার বাইরে ছিল।
শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, আবাসিক ভবনেও সক্রিয় রয়েছে চোর চক্র। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি আবাসিক ভবনের প্রধান ফটক খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে এক চোর। এরপর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে একটি ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় সে। অন্যদিকে রায়েরবাজার এলাকায় বাসা ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করে একটি ফ্ল্যাটে প্রবেশের পর চুরির ঘটনা ঘটায় আরেকটি চক্র।
এক ভুক্তভোগী জানান, ভবনের প্রধান ফটকে কোনো কার্যকর নিরাপত্তাব্যবস্থা ছিল না। ফটকটি খোলাও ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে চোরেরা ভবনে প্রবেশ করে একটি স্যুট নিয়ে যায়। ওই ভবনে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এমনকি ছয়তলার একটি ফ্ল্যাটেও চুরি হয়েছিল। বারবার একই ধরনের ঘটনা ঘটলেও নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
চোরদের তৎপরতা এখন আর দোকানপাট কিংবা আবাসিক ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্মীয় প্রতিষ্ঠানও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি মসজিদের দানবাক্স চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানও নিরাপত্তাঝুঁকিতে পড়বে।
সাম্প্রতিক ছয়টি চুরির ঘটনায় কোনো মামলা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, থানায় গিয়ে অভিযোগ জানানোর পর মামলা গ্রহণ না করে শুধু সাধারণ ডায়েরি (জিডি) কিংবা লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। এতে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে কার্যকর অগ্রগতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভুক্তভোগীদের মতে, চুরির মতো অপরাধের ক্ষেত্রে যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
মোহাম্মদপুরে আগে থেকেই শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সংঘবদ্ধ চোর চক্রের উৎপাত। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু নিয়মিত টহল বা সাধারণ অভিযান যথেষ্ট নয়। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে চুরির ঘটনা শুধু মোহাম্মদপুরেই সীমাবদ্ধ নয়। রাজধানীর মিরপুর, নিউমার্কেট, গুলশানসহ বিভিন্ন এলাকায়ও একই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে রাজধানীতে চুরির ঘটনায় ৮১৪টি মামলা হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় পাঁচটি মামলা হচ্ছে। একই সময়ে চুরির অভিযোগে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মুখপাত্র মো. আকতার হোসেন জানান, রাজধানীর কোন কোন এলাকায় চুরির ঘটনা বাড়ছে এবং অপরাধের ধরন কী, তা প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পর্যালোচনায় যেসব এলাকায় চুরির প্রবণতা বেশি দেখা যায়, সেগুলো চিহ্নিত করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, কোনো চুরির ঘটনায় মামলা না নিয়ে শুধু জিডি বা অভিযোগ গ্রহণ করার বিষয়ে কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধ বিশ্লেষকদের মতে, চুরির ঘটনায় মামলা না হওয়া এবং ভুক্তভোগীদের মামলা করতে অনাগ্রহী হওয়ার প্রবণতা অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম মনে করে কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশঙ্কায় ভুক্তভোগীরা মামলা করতে চান না। ফলে প্রকৃত অপরাধের চিত্র পুলিশের পরিসংখ্যানে পুরোপুরি উঠে আসে না। একই সঙ্গে অপরাধীদের শনাক্ত ও তাদের কর্মকাণ্ডের ধরন বিশ্লেষণ করাও কঠিন হয়ে পড়ে।
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় শুধু মাঠপর্যায়ে অপরাধে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। এসব চক্রের মূল পরিকল্পনাকারী, নেতা এবং নেপথ্যে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। কিন্তু অপরাধের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। তাদের শনাক্ত করতে তালিকা তৈরি ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন পর্যাপ্ত নয়।
বিশ্লেষকদের মতে, চুরি ও ছিনতাইকে ছোটখাটো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। সংঘবদ্ধ চক্রগুলো আগে থেকে কোনো প্রতিষ্ঠান বা বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে হামলা চালায়। দ্রুত তালা ভাঙার সরঞ্জাম ব্যবহার, যানবাহনে করে ঘটনাস্থলে যাওয়া এবং অল্প সময়ে চুরি সম্পন্ন করার প্রবণতা তাদের পরিকল্পিত কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়। এসব চক্রের পেছনে কারা রয়েছে, চুরি করা মালামাল কোথায় বিক্রি হচ্ছে এবং অপরাধীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, সেসব বিষয়েও তদন্ত প্রয়োজন।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাড়ির মালিক, ব্যবসাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আবাসিক ভবনের প্রবেশপথে নিরাপত্তা নিশ্চিত করা, অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং দোকান বন্ধের আগে তালা ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা জরুরি। তবে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের পরামর্শ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি কিংবা হত্যাকাণ্ড—প্রতিটি অপরাধকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ভুক্তভোগীদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ, দ্রুত তদন্ত, অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। রাজধানীর মানুষের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।


