পূর্ণিমার আলোয় বাউল গানের সুরে আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছিল ময়মনসিংহে। বাউলসংগীতের ঐতিহ্য, দর্শন ও মানবিক বার্তা তুলে ধরতে বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ শীর্ষক আয়োজনের সপ্তম আসর। এতে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন এলাকার বাউল শিল্পী ও সংগীতপ্রেমীরা অংশ নেন।
ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে এবং মাজার কমিটির সহযোগিতায় হজরত বরহান উদ্দিন বুড়াপীর শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় শুরু হওয়া সংগীতের আসর চলে মধ্যরাত পর্যন্ত। খোলা আকাশের নিচে পূর্ণিমার আলোয় একের পর এক বাউল গান পরিবেশিত হলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন।
প্রতি পূর্ণিমার রাতে এ আয়োজন করা হয়। বাউলসংগীতের চর্চা অব্যাহত রাখা, ঐতিহ্যবাহী গান সংরক্ষণ এবং এর আধ্যাত্মিক ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আয়োজনটির মূল উদ্দেশ্য। ২০০৫ সালে ইউনেসকো বাউলগানকে ‘মৌখিক ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন’ হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলার বাউলসংগীতকে আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিসরে বিশেষ পরিচিতি এনে দেয়।
সপ্তম আসরে বাংলার বাউলসংগীতের প্রখ্যাত সাধক ও গীতিকারদের গান পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের পরিবেশনায় স্থান পায় লালন শাহ, জালাল উদ্দিন খান, উকিল মুন্সী, বিজয় সরকার, রশিদ উদ্দিন ও মনমোহন দত্তের কালজয়ী সৃষ্টি। এসব গানে মানবপ্রেম, আত্মানুসন্ধান, জীবনদর্শন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক এবং পরম সত্তার সন্ধানের মতো বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহনাজ সাথী, সাবিনা সরকার, সাজন মালা, রুমা সরকার, চান মিয়া, আবদুল মজিদ, জয়িতা অর্পা, মিজান বাউলা, মালেকা খাতুন, চন্দন শাহ, সোহাগী সরকার, নূর আলম সরকার, রজ্জাক সরকার, মফিজুল সরকার ও এরশাদ সরকার। তাঁদের পরিবেশনায় বাউলগানের বিভিন্ন সুর ও গায়কির বৈচিত্র্য ফুটে ওঠে।
শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন মোশাররফ হোসেন, হাবিব মল্লিক, রাজকুমার দাস, আবদুল কাদির, আজিজুল ইসলাম, হামিদ ভাণ্ডারী ও মিজানুর রহমান। একতারা ও দোতারার সুরে বাউলগানের ঐতিহ্যবাহী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পূর্ণিমার রাতের নীরবতা, মাজার প্রাঙ্গণের পরিবেশ এবং লোকজ বাদ্যযন্ত্রের মেলবন্ধন পুরো আয়োজনকে বিশেষ মাত্রা দেয়।
সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক ইমতিয়াজ আহমেদ ট্যানসেন বলেন, বাউলগানে সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক, জীবনদর্শন এবং পরমের সন্ধানে মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। এসব গানের কথা ও সুরের মধ্য দিয়ে মানুষের আত্মিক জগৎ এবং জীবনের নানা দিক ফুটে ওঠে। একতারা ও দোতারার সুরের সঙ্গে পূর্ণিমার রাতের পরিবেশ শ্রোতাদের মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, বাউল ও সুফি ঐতিহ্য সংরক্ষণ এবং এসব ধারার মানবিক ও আধ্যাত্মিক বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
বাংলার লোকসংস্কৃতিতে বাউলগান একটি স্বতন্ত্র ও সমৃদ্ধ ধারা। এ সংগীতের মূল দর্শনে রয়েছে মানুষকে ভালোবাসা, আত্মিক মুক্তি, সাম্য এবং নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। বাউল সাধকেরা তাঁদের গান ও সাধনার মধ্য দিয়ে মানুষের অন্তর্নিহিত সত্তাকে উপলব্ধি করার কথা বলেছেন। ধর্মীয় ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার যে বার্তা তাঁদের গানে পাওয়া যায়, তা বাংলার সংস্কৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।
সময়ের পরিবর্তনে সংগীতের নানা নতুন ধারা জনপ্রিয়তা পেলেও বাউলগানের আবেদন এখনো অটুট। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে শিল্পীদের নিয়মিত চর্চা, সাংস্কৃতিক উদ্যোগ এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ময়মনসিংহের ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ আয়োজনটি সেই ধারাবাহিকতা বজায় রাখার একটি উদ্যোগ। সপ্তম আসরের মধ্য দিয়ে আবারও বাউলসংগীতের সুর, সাধনা ও মানবিক দর্শনকে ঘিরে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন শিল্পী ও সংগীতপ্রেমীরা।


