সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, এনসিপির ছাত্র সংগঠনের ৬ জনের নামে মামলা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলের ওপর হামলা, হত্যাচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার। মামলায় অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তার ফুট ওভারব্রিজের নিচে পশ্চিম পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন আবু রাইয়ান শাকের (২৫), মারুফ হাসান (২৩), আসাদুল্লাহ হাসান মুসা (২২), তানজিল ইসলাম (২৬) ও রুশদা ইসলাম রিপা (১৭)।

এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর ছোট ভাই গোপাল হালদার রাহুল কালের কণ্ঠের পটুয়াখালী জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ৬ আগস্ট সংবাদমাধ্যমটির ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি। ওই প্রতিবেদনে জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া নথি ব্যবহার করে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির মাধ্যমে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ তোলা হয় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে।

প্রতিবেদন প্রকাশের পর মিরাজ তাঁর নাম জুলাই আহতদের গেজেট থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই ঘটনাকে কেন্দ্র করে তিনি গোপালের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন বাদী।

এজাহারের বর্ণনা অনুযায়ী, পূর্ববিরোধের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম রিপার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হামলার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন আসামিরা লাঠিসোঁটা নিয়ে গোপালকে ঘিরে ধরেন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।

একপর্যায়ে মিরাজ ইমতিয়াজের হাতে থাকা নানচাকু দিয়ে গোপালের মাথায় আঘাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তিনি সরে যাওয়ায় আঘাতটি তাঁর বাঁ পায়ের পাতায় লাগে। এতে পায়ের হাড় ভেঙে যায় বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

এ ছাড়া আবু রাইয়ান শাকের গোপালের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং নাকে ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর নাকের হাড় ভেঙে যায়। অন্যদিকে মারুফ হাসান ও তানজিল ইসলাম তাঁর মাথা লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। হামলায় শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, হামলার সময় গোপালের পকেটে থাকা প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি এস২১ ফাইভজি স্মার্টফোন মিরাজ নিয়ে যান। একই সময়ে আবু রাইয়ান তাঁর কাছ থেকে ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা তাঁকে প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্বজনরা গোপালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে কয়েকজনকে গোপালকে ধরে রাখতে এবং অন্যদের তাঁকে কিল-ঘুষি মারতে দেখা যায়। ভিডিওতে হামলাকারীদের একজনকে ‘ওরে কেউ ধরবেন না’ বলতে শোনা যায়। তবে ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট ও হামলায় প্রত্যেকের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

হামলার শিকার সাংবাদিক গোপাল হালদার বলেন, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর প্রকাশিত প্রতিবেদনে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ধরা হয়েছিল। সেখানে মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহার করে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রকাশ করা হয়। এরপর থেকেই মিরাজ ও তাঁর সংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন তিনি।

গোপাল আরও জানান, এর আগেও একবার তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেবার রক্ষা পান। এবার সংঘবদ্ধভাবে তাঁকে মারধর করা হয়েছে এবং তাঁর পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন গোপাল।

মামলার বাদী সুমন চন্দ্র হালদার বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ। তাঁর দাবি, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য তিনি আবেদন করেছিলেন। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনে তাঁর নাম জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে তিনি ভাতা পাচ্ছেন।

গোপাল হালদারের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে মিরাজ বলেন, একজন নারী জুলাই যোদ্ধার আপত্তিকর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও গোপাল ছড়িয়ে দিয়েছেন। এর প্রতিবাদে তাঁরা ইতোমধ্যে মানববন্ধনও করেছেন বলে জানান তিনি।

এদিকে, এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাংবাদিক গোপাল হালদারের বিরুদ্ধেও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। হামলার ঘটনার পরদিন পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। ওই মামলায় গোপালকে আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা করেছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ এবং পাল্টাপাল্টি মামলার ঘটনা পটুয়াখালীতে আলোচনার সৃষ্টি করেছে। একদিকে সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে তাঁর বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। এখন তদন্তের মাধ্যমে উভয় পক্ষের অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নির্ধারণের অপেক্ষা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।