খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, তাঁর স্ত্রী ইসমত আরা মিনু, দুই মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পক্ষ থেকে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, তার স্ত্রী, দুই কন্যা এবং এক ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
আবেদনে বলা হয়, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপনসূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
খবরওয়ালা/আরডি