দাবি মানায় আন্দোলন প্রত্যাহার করলেন নন-এমপিও শিক্ষকরা

নন-এমপিও শিক্ষকদের লাগাতার ১৭ দিন আন্দোলনের পর তাদের এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

মঙ্গলবার (১১ মার্চ) শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।

বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছিলাম। গত ১০ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে সরকারকে এমপিওভুক্তির আহ্বান জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও আরেকজন যুগ্ম সচিব। নন-এমপিওদের পক্ষ থেকে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। সেখানে বেশকিছু বিষয়ে আলোচনা হয়। তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকার এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। ফলে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করেন।

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বুধবার (১২ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে বলে অভিমত পোষণ করেন। এমন তথ্য জানিয়ে মো. সেলিম মিঞা বলেন, আগামী মে মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে। সরকার আমাদের এমপিওভুক্তির দাবি মেনে নেওয়ায় সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস শাহাদাৎ আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মো. আব্দুস সালাম প্রমুখ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।