খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই মার্চ ২০২৫, ১২:১৯ পিএম
চব্বিশের গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র তিন দিনের মধ্যে মুক্তির (সার্টিফিকেশন সনদ ইস্যু) নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি হবে আজ।
বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি ও আদেশ হতে পারে।
আদালতে আবেদনের পক্ষে রয়েছেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে (সার্টিফিকেশন সনদ ইস্যু) হাইকোর্টে রিট করা হয়েছে। চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ রিট করেছেন।
রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে বিবাদী করা হয়েছে।
আশরাফুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুত্ফর রহমান জর্জসহ অনেকে।
নিমার্ণ শেষে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনো প্রদর্শনের অনুমতি পাননি সংশ্লিষ্টরা।
পরে দুই বার সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে প্রযোজক হাইকোর্টে রিট করেন।
‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের প্রযোজক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘দ্য রিমান্ড’ একটি ফিল্ম, একটি ঐতিহাসিক দলিল। ছাত্র-জনতার বীরত্ব ত্যাগের ইতিহাস স্মরণীয় বরণীয় করে রাখতে, জাতীয় দায়িত্ব হিসেবে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সময়ের অন্যতম চলচিত্র ‘দ্য রিমান্ড’ ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। রাষ্ট্রবিরোধী গল্প, বক্তব্য, সংলাপ, থিম কিছু থাকলে সাত দিনের মধ্যেই তা চিঠি দিয়ে জানানো আইনের বিধান। কিন্তু তারা কোনো চিঠিপত্র দেয়নি। আলোচনা বা সংলাপ করেনি। অজ্ঞাত কারণে এখনো সনদপত্র ইস্যু করেনি।
তিনি বলেন, অবিলম্বে চলচ্চিত্রটির সনদপত্র ইস্যু করা হোক, ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড মুক্তি দিক।
খবরওয়ালা/ এমএ জেড
মন্তব্য